‘তরুণদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলি’, ‘ককরোচ’ বিক্ষোভে বিরোধীদের তোপ রাজনাথের
প্রতিদিন | ২৩ জুলাই ২০২৬
দেশের তরুণদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলি। শিক্ষার্থীদের প্রতি যাতে অন্যায় কিছু না হয়, তা নিশ্চিত করবে সরকার। বুধবার এমনটাই বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
রাজনাথ তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘দিল্লিতে যে বিক্ষোভ চলছে, তা উদ্বেগের বিষয়। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে, কিছু মানুষ নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে দেশের শিক্ষার্থী ও যুবসমাজকে হাতিয়ার হিসাবে ব্যবহারের চেষ্টা করছে।’ তিনি আরও লেখেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের সরকার শিক্ষার্থী ও যুবসমাজের আকাঙ্ক্ষা পূরণ এবং তাদের কল্যাণের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষার্থীদের প্রতিটি সমস্যার কথা শোনা এবং তার সমাধান করা আমাদের দায়িত্ব। কিন্তু আমি বিশ্বাস করি যে, অপচেষ্টা চলছে, তা নিয়ে দেশের সচেতন যুবসমাজ অবগত। তারা প্রগতি, উন্নয়ন ও দেশ গঠনের পথই বেছে নেবে।’
রাজনাথের কথায়, “দেশের শিক্ষার্থী এবং তরুণদের প্রতি যাতে কোনও অবিচার না হয়, তা নিশ্চিত করবে আমাদের সরকার। বিরোধী দলের কিছু নেতার উসকানি, ক্ষোভ আসলে জনসাধারণ, এবং বিশেষ করে আমাদের তরুণদের বিভ্রান্ত করার এক ব্যর্থ প্রচেষ্টা মাত্র। তরুণদের আবেগ ও উদ্বেগের বিষয়ে আমরা সম্পূর্ণ সংবেদনশীল।”