‘কোনও ভুল করিনি’, ১৬ বছর পর দেশে ফিরছেন ‘পলাতক’ ললিত মোদি
প্রতিদিন | ২৩ জুলাই ২০২৬
১৬ বছর ধরে পলাতক। এবার ভারতে ফিরতে চলেছেন ললিত মোদি। জানা গিয়েছে, ইডির অভিযোগ এবং তদন্ত প্রক্রিয়ার পর আদালতে স্বস্তি পেয়েছেন আইপিএলের ‘প্রতিষ্ঠাতা’। দীর্ঘদিন দেশছাড়া থাকার পর এবার ভারতে ফিরতে চলেছেন ললিত। উল্লেখ্য, ২০০৯ আইপিএল ঘিরে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল তৎকালীন কমিশনারের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে ইডি। কিন্তু ইডির রিপোর্ট নাকচ করে দিয়েছে ট্রাইব্যুনাল।
২০০৯ আইপিএল ভারত থেকে সরিয়ে দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাওয়া হয়। অভিযোগ, সেসময়ে ভারতীয় বোর্ড এবং ললিতের (Lalit Modi) বিরুদ্ধে ফেমা আইন লঙ্ঘনের অভিযোগ ওঠে। ইডি অভিযোগ আনে, আইপিএল আয়োজনের জন্য বিদেশি সংস্থাগুলিকে বোর্ডের তরফ থেকে বিপুল অর্থ দেওয়া হয়, রিজার্ভ ব্যাঙ্কের অনুমতি ছাড়াই অন্তত ২৪৩ কোটি টাকা পাঠানো হয়। ২০১৮ সালে ইডির তরফে বলা হয়, বোর্ডের তৎকালীন সভাপতি এন শ্রীনিবাস, ললিত মোদি-সহ একাধিক ব্যক্তিকে শাস্তি দিতে হবে।
কিন্তু ইডির সেই দাবির অনেকটাই খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যেসব শাস্তির সুপারিশ করেছে, সেগুলোও বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। ১৬ বছর দেশছাড়া থাকার পরে আইনি যুদ্ধে জয় পেয়ে উচ্ছ্বসিত ললিত মোদি। বলছেন, “১৬ বছর ধরে আমি একটাই অবস্থানে অনড় ছিলাম। ভারতীয় ক্রিকেট এবং আইপিএলের স্বার্থে কাজ করেছি, কোনও অন্যায় করিনি। আসলে সময় হল সবচেয়ে ভালো বিচারক। ১৬ বছর পর অবশেষে বিচার সম্পন্ন হল।”
আদালতে স্বস্তি পাওয়ার পরই ভারতে ফিরতে পারেন ললিত মোদি। বলেছেন, “মনে হয় চলতি বছরের শেষ দিকে বা আগামী বছরের প্রথমে আমি ভারতে ফিরব। আসলে অক্টোবর মাসে আমার নাতি হতে চলেছে। তারপর সব ঠিক থাকলেই আমি দেশে ফিরব।” আইপিএলের প্রাক্তন কমিশনারকে কার্যত মেগা টুর্নামেন্টের জনক বলে মনে করে ক্রিকেটমহলের একাংশ। ট্রাইব্যুনালের রায়ের পর ললিতের মত, আইপিএলের লাভ ছাড়া আর কোনও কিছু নিয়েই ভাবেননি। তবে সেই অধ্যায় শেষ। আপাতত নতুন করে জীবনে এগিয়ে যেতে চাইছেন পলাতক ললিত। দেশে ফিরতে মুখিয়ে রয়েছেন বলেও জানান তিনি।