স্কুলের চাঙড় ভেঙে বিপত্তি, অল্পের জন্য প্রাণরক্ষা ছাত্রছাত্রীদের
দৈনিক স্টেটসম্যান | ২৩ জুলাই ২০২৬
স্কুল চলাকালীন বিপত্তি। ছাদের চাঙড় ভেঙে পড়ল ক্লাসরুমে। অল্পের জন্য রক্ষা পেল ছাত্রছাত্রীরা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পুরসভার ১১নং ওয়ার্ডের প্রতাপপুর হাইস্কুলে। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, তৎকালীন সরকারের কাছে স্কুলের বেহাল দশা নিয়ে অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু তাতে সাড়া না মেলায় নতুন সরকারের কাছে ফের স্কুল সম্প্রসারণের আবেদন জানিয়েছেন তারা।
অভিযোগ, দীর্ঘদিন ধরেই স্কুলের অবস্থা বেহাল। স্কুলের সম্প্রসারনের জন্য তৎকালীন সরকারের আমলে জেলা শাসক, পুরসভা থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছিল স্কুল কর্তৃপক্ষ। কিন্তু কোনও সহযোগিতা না মেলায় জরাজীর্ণ ক্লাসরুমেই বসে ক্লাস করতে হত ছাত্রছাত্রীদের। এর মধ্যে বুধবার স্কুল চলাকালীন আচমকাই ক্লাসরুমে স্কুলের চাঙড় ভেঙে পড়ে।
বুধবারের ঘটনায় প্রাণহানি না হলেও স্কুলের ছাত্রছাত্রী-সহ শিক্ষকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। প্রতাপপুর হাইস্কুলের বেহাল অবস্থা, ভোকেশনাল ক্লাসরুম-সহ বেশ কয়েকটি ক্লাসের জরাজীর্ণ অবস্থা। আর তাতেই প্রাণের ঝুঁকি নিয়ে ক্লাস করতে হয় ছাত্রছাত্রীদের। বেশ কয়েকবার চাঙড় খসে পড়ে আহত পর্যন্ত হয়েছে ছাত্রছাত্রীরা। এর ফলে আশঙ্কা মাথায় নিয়েই ক্লাস করতে বাধ্য হচ্ছে স্কুল।
স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, বিগত সরকারের আমলে স্কুল সম্প্রসারণের আবেদন জানিয়েও সাড়া মেলেনি। এর ফলে নতুন সরকারের কাছে স্কুল সম্প্রসারণের আবেদন করেছেন তারা। যাতে সুষ্ঠ ও নিরাপদভাবে ক্লাস করতে পারে স্কুলের ছাত্রছাত্রী-সহ শিক্ষকরা।