• পুলিশে ২০ হাজার নিয়োগের ঘোষণা, নারী-নিরাপত্তায় পুলিশকে 'খোলাছুট' শুভেন্দুর
    আজ তক | ২৩ জুলাই ২০২৬
  • পুজোর আগেই কলকাতা ও রাজ্য পুলিশে বড় নিয়োগ হবে, আগেই জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভাতে আরও বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় পুলিশ বাজেটের জবাবি ভাষণে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, পুজোর আগেই পুলিশে ১৬ হাজার কনস্টেবল নিয়োগ করা হবে। সব মিলিয়ে ২০ হাজার নিয়োগ চলবে। সেইসঙ্গে প্রচুর মহিলা পুলিশ নিয়োগের কথাও জানিয়ে দেন তিনি। 

    তৃণমূল সরকারের আমলে পুলিশের কোনও উন্নতি হয়নি। পরিবর্তে রয়ে গিয়েছে হাজারও ফাঁকফোঁকর। দাবি করেন  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। জানিয়ে দেন, সরকার বদলের পর খোলনলচে বদলে পুলিশকে আরও ‘স্মার্ট’ করে তোলাই লক্ষ্য রাজ্য সরকারের। আর সে কারণে কর্মী শূন্যতা দূরীকরণে পুলিশে ২০ হাজার কনস্টেবল নিয়োগ করা হবে। ‘ঘুষখোর’ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কন্ট্রোলরুমও খোলা হচ্ছে। 

    প্রসঙ্গত, রাজ্য পুলিশে মোট পদ ১ লক্ষ ২১ হাজার ৩৪৪। এখনও পর্যন্ত ৪৩ হাজার ৭৩ পদ ফাঁকা। পুজোর আগেই রাস্তায় নামবে ১৬ হাজার কনস্টেবল। সবমিলিয়ে মোট ২০ হাজার নিয়োগ করা হবে। শুধু শূন্যপদই নয়। থানায় থানায় পরিকাঠামোর উন্নয়নও হয়নি বলেই জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, 'কলকাতা পুলিশে সিস্টেম কিছুটা আছে। আর বাকি সব জিরো। পুলিশ বারাক, রান্নাঘর, ডিএ, পে কমিশন, বদলি নীতি নেই। আপনি যেদিকে তাকাবেন সেদিকে অন্ধকার।' ক্ষমতায় আসার পর থেকেই দুর্নীতি ইস্য়ুতে ‘জিরো টলারেন্স’ নীতি শুভেন্দু প্রশাসনের। পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠলেও রেয়াত করা হবে না বলেই জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর ঘোষণা, একটি কন্ট্রোলরুম খোলা হবে। ওই কন্ট্রোলরুমের হেল্পলাইন নম্বরে জানানো যাবে অভিযোগ। ফোন পেলেই তৎক্ষণাৎ নেওয়া হবে ব্যবস্থা। 

    শুভেন্দু অধিকারীর  দাবি, 'তৃণমূল সরকার মতামত দেওয়ার সুযোগ দেয়নি। ১৩ বছর স্বরাষ্ট্রদফতরের বাজেট নিয়ে বঞ্চিত ছিল। আগের সরকার বাজেট গিলোটিনে পাঠাত। ভারতীয় ন্যায় সংহিতা মানেনি আগের সরকার। পুলিশ দফতরকে যতটা সম্ভব নিচে নামানো হয়েছে। বছরের পর বছর পুলিশে কোনও নিয়োগ হয়নি।' সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়েও পূর্বতন সরকারকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। 'আমি দীঘা থানায় গিয়ে দেখলাম ৪০০ সিভিক ভলান্টিয়ার। এসআই ২, এএসআই ৩, ১৫ কনস্টেবল। জিজ্ঞাসা করলাম চালান কি করে? শুধু সিভিক নিয়োগ করা হয়েছে। স্থায়ীভাবে নিযুক্তরা সব কথা শুনে চলবেন না। তাই সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হয়েছে। কোনও যোগ্যতা, প্রশিক্ষণ ছাড়াই সিভিক ভলান্টিয়ার নিয়োগ করেছে। শুধুমাত্র ওরা রাজনৈতিক আনুগত্য দেখাবে বা টাকার বিনিময়ে নেওয়া হয়েছে। রাজনৈতিক এবং তোলা তোলার কাজে লাগানো হয়েছে তাদের।'

    এদিন নারী নিগ্রহ রুখতে বড় পদক্ষেপের ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলেন, ‘পুলিশকে সব মিটিংয়ে বলেছি কোনও কন্যা, মহিলার উপরে যদি কিছু হয়, কারও নির্দেশের জন্য অপেক্ষার দরকার নেই, যা করার করে দেবেন। ঢাল হিসেবে মুখ্যমন্ত্রী প্রোটেক্ট করবে।’  
  • Link to this news (আজ তক)