অসুস্থ যাত্রীদের পাশে আরপিএফ, উত্তর-পূর্ব সীমান্ত রেলে দ্রুত চিকিৎসা পেয়ে রক্ষা একাধিক প্রাণ
News18 বাংলা | ২৩ জুলাই ২০২৬
যাত্রাপথে অসুস্থ হয়ে পড়া যাত্রীদের দ্রুত চিকিৎসা পরিষেবা দিয়ে যাত্রী সুরক্ষা ও কল্যাণে নিজেদের প্রতিশ্রুতি বজায় রেখে চলেছে উত্তর-পূর্ব সীমান্ত রেল (NFR)-এর রেলওয়ে সুরক্ষা বাহিনী (RPF)। রেল কর্তৃপক্ষ ও স্থানীয় চিকিৎসা কেন্দ্রগুলির সঙ্গে সমন্বয় রেখে জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করছে আরপিএফ।
সম্প্রতি নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে ট্রেন নম্বর ১৫৬০৭ তিরুবনন্তপুরম সেন্ট্রাল–শিলচর অর্ণাই এক্সপ্রেস-এ ভ্রমণরত এক অসুস্থ মহিলা যাত্রীকে দ্রুত চিকিৎসা সহায়তা প্রদান করেন আরপিএফ কর্মীরা। তাঁকে তৎক্ষণাৎ অ্যাম্বুল্যান্সে করে নিউ জলপাইগুড়ি রেলওয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাঁকে উচ্চতর চিকিৎসাকেন্দ্রে স্থানান্তরিত করা হয়।
একইভাবে, ১৩১৭১ সাব্রুম–শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস-এ ভ্রমণরত আরও এক অসুস্থ যাত্রীকেও নিউ জলপাইগুড়ি স্টেশনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়।
উত্তর-পূর্ব সীমান্ত রেলের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন মাসে গোটা রেল জোন জুড়ে ১২ জন যাত্রীকে জরুরি চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। জুলাই মাসে (এখন পর্যন্ত) আরও ৭ জন যাত্রী একই ধরনের চিকিৎসা পরিষেবা পেয়েছেন। অর্থাৎ, গত দুই মাসে মোট ১৯ জন যাত্রীকে সময়মতো চিকিৎসা সহায়তা প্রদান করেছে আরপিএফ। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান, আরপিএফ রেলওয়ের চিকিৎসা বিভাগ ও অন্যান্য সংশ্লিষ্ট শাখার সঙ্গে সমন্বয় রেখে জরুরি চিকিৎসা পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করছে। এই উদ্যোগ ভারতীয় রেলের যাত্রীসেবা ও মানবিক দায়বদ্ধতার প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করছে।