বারাসাতের রাস্তায় ড্রাইভার এর সিটের নিচ থেকে মিলল লাল প্যাকেট! তারপর যা হল...
News18 বাংলা | ২৩ জুলাই ২০২৬
বারাসাতে বড়সড় গাঁজা পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ। বারাসাত থানার পুলিশের তৎপরতায় উদ্ধার হল বিপুল পরিমাণ গাঁজা। ঘটনায় এক পাচারকারীকে আটক করা হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে গোটা পাচারচক্রের হদিশ পাওয়ার চেষ্টা শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পাওয়ার পর বারাসাত থানার একটি বিশেষ দল অভিযান চালায়। পুলিশ সুপারের অফিস থেকে কিছুটা দূরে ময়না এলাকায় সন্দেহজনক একটি প্রাইভেট গাড়িকে আটক করা হয়। এরপর গাড়িতে তল্লাশি চালাতেই সিটের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ দেখে তদন্তকারীরাও বিস্মিত হন। ঘটনাস্থল থেকেই গাড়ির চালক তথা এক সন্দেহভাজন পাচারকারীকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উত্তরবঙ্গ থেকে কলকাতায় এই বিপুল পরিমাণ গাঁজা পাচারের পরিকল্পনা করা হয়েছিল। তবে এই বিপুল পরিমাণ গাঁজা কোথায় ডেলিভারি করার কথা ছিল ও এর সঙ্গে কোনও বড় মাদক পাচারচক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গাঁজার সঠিক ওজন নির্ধারণের কাজ চলছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে এই মাদকের আনুমানিক মূল্যও নিরূপণ করা হচ্ছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের পরিচয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। বারাসাত থানার এই অভিযানে বড়সড় মাদক পাচারের ছক ভেস্তে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের দাবি, জেলায় মাদক পাচারের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। উদ্ধার হওয়া গাঁজা বাজেয়াপ্ত করে ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে পাঠানো হবে। পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে তদন্তের জন্য বলে পুলিশ সূত্রে খবর।