• দু'মাসের শিশুকন্যাকে মেরে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ বাবা-ঠাকুরদার বিরুদ্ধে, শিউরে ওঠা ঘটনা
    News18 বাংলা | ২৩ জুলাই ২০২৬
  • উত্তর ২৪ পরগনার নৈহাটির মামুদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেবকের বড়পুকুর পাড় এলাকায় দুই মাসের এক কন্যাশিশুর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শিশুটিকে হত্যা করে বাড়ির কাছেই মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ উঠেছে তার বাবা ও ঠাকুরদার বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করেছে শিবদাসপুর থানার পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্ত বাবা অপূর্ব এবং ঠাকুরদা বিকাশকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

    স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শিশুটির মৃত্যু স্বাভাবিক নয়। পরিকল্পিতভাবে তাকে হত্যা করে তড়িঘড়ি মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হন প্রতিবেশীরা। মৃত শিশুর মা জানান, কয়েকদিন আগে শিশুটির ঠান্ডা লেগেছিল। তাকে চিকিৎসকের কাছেও নিয়ে যাওয়া হয়। তাঁর দাবি, ঘটনার আগের রাত পর্যন্ত শিশুটি স্বাভাবিক ছিল। কিন্তু পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখেন, শিশুটি আর কোনও সাড়া দিচ্ছে না। তিনি বিষয়টি স্বামীকে জানিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার অনুরোধ করেন। অভিযোগ, তখন তাঁর স্বামী জানান শিশুটি মারা গিয়েছে এবং হাসপাতালে নিয়ে গিয়ে আর কোনও লাভ হবে না।

    এরপর তাঁর কোল থেকে শিশুটিকে নিয়ে গিয়ে বাড়ির কাছেই তড়িঘড়ি মাটিতে পুঁতে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন শিশুটির মা। তাঁর আরও অভিযোগ, বিষয়টি পরিবারের অন্য সদস্য বা প্রতিবেশীদের কাউকেই জানানো হয়নি। এই ঘটনায় স্বাভাবিকভাবেই সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।স্থানীয়দের একাংশের দাবি, ওই দম্পতির আগে থেকেই একটি কন্যাসন্তান রয়েছে। দ্বিতীয়বারও কন্যাসন্তানের জন্মের কারণে এই ঘটনা ঘটেছে কি না, তা নিয়েও এলাকায় জল্পনা শুরু হয়েছে। তবে এই দাবির কোনও সরকারি বা তদন্তকারী সংস্থার তরফে এখনও নিশ্চিতকরণ মেলেনি।
  • Link to this news (News18 বাংলা)