• ঝটিকা সফরে ফের মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী শুভেন্দু
    আজকাল | ২৩ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: দু’সপ্তাহ পেরোতে না পেরোতেই ফের মুর্শিদাবাদে সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। প্রসঙ্গত, গত ১৭ জুলাই বহরমপুরের কর্ণসুবর্ণ রেলগেটে ঘটে যাওয়া মর্মান্তিক রেল দুর্ঘটনার জেরেই এই সফর।

    সেদিন কাটোয়া-নিমতিতা লোকাল একটি ছাত্র বোঝাই পুলকারে ধাক্কা মারে। ধাক্কার জেরে দুমড়ে-মুচড়ে যায় পুলকারটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন খুদে পড়ুয়ার। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যু হয় এক সাইকেল আরোহী এবং আরও এক পড়ুয়ার।

    সব মিলিয়ে এই দুর্ঘটনায় প্রাণ হারান ৫ জন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর এই সফরের মূল উদ্দেশ্য দুর্ঘটনায় মৃত খুদে পড়ুয়াদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করা। শুধু সমবেদনা জানিয়েই তিনি থেমে থাকবেন না।

    রাজ্য সরকারের তরফে যে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই টাকাও পরিবারের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, দুর্ঘটনার পরই রেলের তরফে মৃত পাঁচজনের পরিবারকে ১০ লক্ষ টাকা এবং আহতদের ২.৫ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়।

    পাশাপাশি রাজ্য সরকারের তরফেও নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। সেই প্রতিশ্রুতি মতোই বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চেক তুলে দেবেন বলে প্রশাসনিক সূত্রের খবর।

    গত ১০ জুলাই মুর্শিদাবাদে প্রশাসনিক বৈঠক সেরেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দু’সপ্তাহ কাটতে না কাটতেই ফের জেলার মাটিতে পা রাখতে চলেছেন তিনি। আর  মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে জেলাজুড়ে।

    বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি মলয় মহাজন বলেন, ‘মুখ্যমন্ত্রী সকাল দশটা নাগাদ হেলিকপ্টারে বহরমপুর স্টেডিয়ামে এসে নামবেন। এরপর সড়কপথে কর্ণসুবর্ণ যাবেন। সেখানে মুখ্যমন্ত্রী ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাঁদের সমবেদনা জানাবেন এবং রাজ্য সরকারের ক্ষতিপূরণের চেক তুলে দেবেন।’
  • Link to this news (আজকাল)