আজকাল ওয়েবডেস্ক: মাত্র দুই মাস বয়স। সদ্যোজাত কন্যাসন্তানকে খুনের পর পুঁতে দিল পরিবার! এই অভিযোগের ভিত্তিতেই এবার গ্রেপ্তার বাবা ও দাদু। নারকীয় এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়।
বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার নৈহাটির শিবদাসপুর এলাকায়। দু'মাসের সদ্যোজাত কন্যাসন্তানকে খুনের অভিযোগ উঠেছিল মা ও বাবার বিরুদ্ধে। এরপরই মৃত কন্যাসন্তানকে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ উঠেছে বাবা ও দাদুর বিরুদ্ধে। যদিও খুনের ঘটনাটি অস্বীকার করেছেন মা। অন্যদিকে শিবদাসপুর থানার পুলিশ অভিযুক্ত বাবা ও দাদুকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানিয়েছে, মামুদপুর এলাকার বাসিন্দা অভিযুক্ত অপূর্ব বন্দ্যোপাধ্যায়, সমাপ্তি বন্দ্যোপাধ্যায় ও মৃত শিশুটির দাদু বিকাশ বন্দ্যোপাধ্যায়। অভিযোগ উঠেছে, মা সমাপ্তি ও বাবা অপূর্ব মিলে দু'মাসের শিশুটিকে খুন করেন। এরপর জঙ্গলে গিয়ে মাটি খুঁড়ে শিশুর নিথর দেহ পুঁতে দেন তার দাদু। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্ত বাবা ও দাদুকে গ্রেপ্তার করা হয়েছে। মাটি খুঁড়ে শিশুর দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
অভিযুক্ত সমাপ্তি জানিয়েছেন , সদ্যোজাত কন্যাসন্তান দিন কয়েক ধরেই অসুস্থ ছিল। ডাক্তার দেখানো হয়েছিল। আজ সকালে ঘুম ভাঙার পরেই কন্যাসন্তানকে আর নড়াচড়া করতে দেখেননি। এরপরই হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু সদ্যোজাতকে দেখেই স্বামী জানান, সে মৃত। হাসপাতালে গিয়ে কোনও লাভ হবে না। এরপর দাদু কোল থেকে নাতনির নিথর দেহ কেড়ে নিয়ে চলে যান। সঙ্গে কোদাল নিয়ে গিয়েছিলেন। দেহটি মাটিতে পুঁতেও দেন।