• ‘১০ বছরে ১৫২টি পরীক্ষার প্রশ্নফাঁস হয়েছে’, মোদী জমানায় শিক্ষাব্যবস্থা ধ্বংসের অভিযোগে সরব রাহুল
    এই সময় | ২৩ জুলাই ২০২৬
  • ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ফের সুর চড়ালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে কংগ্রেসের বিক্ষোভ-ধর্না থেকে তাঁকে আটক করে নিয়ে গিয়েছিল দিল্লি পুলিশ। তার ২৪ ঘণ্টার মধ্যে বুধবার নয়াদিল্লিতে কংগ্রেস সদর দপ্তরে সাংবাদিক বৈঠক করে রাহুল দাবি করলেন, ‘গত ১০ বছরে ১৫২টি পরীক্ষার প্রশ্নফাঁস হয়েছে।’ একই সঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ‘দুর্নীতিগ্রস্ত’ ও ‘অযোগ্য’ আখ্যা দিয়ে ফের তাঁর পদত্যাগও দাবি করেন রাহুল।

    মোদী জমানায় দেশের শিক্ষাব্যবস্থা তিলে তিলে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে অভিযোগ রাহুলের। তাঁর কথায়, ‘ধর্মেন্দ্র প্রধান গোটা শিক্ষাব্যবস্থার বিশৃঙ্খলার প্রতীক। তাই তাঁকে সরানো জরুরি।’ এর পরেই তাঁর অভিযোগ, ‘গত ১০ বছরে অন্তত ১৫২টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। গড়ে প্রতি মাসে একটি করে।’ কোনও ঘটনাতেই অভিযুক্তদের শাস্তি হয়নি বলে অভিযোগ রাহুলের।

    প্রশ্নপত্র ফাঁসের ফলে কোটি কোটি ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নষ্ট হয়েছে বলেও অভিযোগ করেন রাহুল। তিনি বলেন, ‘গত ১০ বছরে একটিও মামলাতেও দোষীদের শাস্তি হয়নি। অথচ কোটি কোটি ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নষ্ট হয়ে গিয়েছে। পড়ুয়ারা জানতে চাইছে, কেন এখনও কোনও দোষীর সাজা হলো না?’

    বর্তমানে শিক্ষার খরচ গরিব ও মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গিয়েছে বলে অভিযোগ রাহুল গান্ধীর। তাঁর কথায়, ‘শুধু NEET-এর কোচিংয়েই বছরে প্রায় ১.৩২ লক্ষ কোটি টাকা খরচ হয়।’ উল্লেখযোগ্য বিষয় হলো, খরচের পরিমাণ কেন্দ্রীয় সরকারের বার্ষিক শিক্ষা বাজেটের (প্রায় ১.৪ লক্ষ কোটি টাকা) প্রায় সমান। রাহুল বলেন, ‘এই ব্যবস্থায় শুধু ধনীরাই সুযোগ পান। গরিব ও মধ্যবিত্তদের কোনও জায়গা নেই।’

    দিল্লির ছাত্র আন্দোলনে লাঠিচার্জের অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের বিরুদ্ধে। শুধু তাই নয়, কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয় বলেও অভিযোগ। একশোর উপরে ছাত্রছাত্রী জখম হন। আহত হন অনেক পুলিশকর্মীও। গোটা ঘটনায় ছাত্রছাত্রীদের পাশেই দাঁড়ান রাহুল। তবে ককরোচ জনতা পার্টির নাম নেননি তিনি।

    ১. রাহুল গান্ধী কী অভিযোগ করেছেন?

    রাহুল গান্ধীর দাবি, গত ১০ বছরে দেশে ১৫২টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। তাঁর অভিযোগ, এই ঘটনাগুলিতে এখনও পর্যন্ত কার্যকর শাস্তির নজির নেই।

    ২. কাকে নিশানা করেছেন রাহুল?

    তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ‘দুর্নীতিগ্রস্ত’ ও ‘অযোগ্য’ বলে আখ্যা দিয়ে তাঁর পদত্যাগ দাবি করেছেন।

    ৩. শিক্ষাব্যবস্থা নিয়ে রাহুলের বক্তব্য কী?

    রাহুলের অভিযোগ, মোদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। প্রশ্নফাঁস, কোচিং নির্ভরতা এবং শিক্ষার ব্যয় বৃদ্ধি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছে বলে তাঁর দাবি।

    ৪. প্রশ্নফাঁস নিয়ে তাঁর প্রধান দাবি কী?

    রাহুলের দাবি, গত এক দশকে প্রশ্নফাঁসের ঘটনায় কোটি কোটি ছাত্রছাত্রীর ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি।

    ৫. শিক্ষার খরচ নিয়ে কী বলেছেন তিনি?

    রাহুলের দাবি, শুধু NEET কোচিংয়েই বছরে প্রায় ১.৩২ লক্ষ কোটি টাকা খরচ হয়, যা কেন্দ্রের বার্ষিক শিক্ষা বাজেটের প্রায় সমান। তাঁর মতে, এতে শিক্ষা গরিব ও মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে।

  • Link to this news (এই সময়)