অভিনব কায়দায় কুরিয়ারের মাধ্যমে চুরির মোবাইল পাচারের ছক ভেস্তে দিল মালদহের কালিয়াচক থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে দুটি পার্সেল বক্স থেকে প্রায় ১০০টি চুরির মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ঘটনায় পাচারচক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সোহেল রানা। তাঁর বাড়ি বৈষ্ণবনগর থানার পারদেওয়ানাপুর এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ভুয়ো নাম-ঠিকানা ব্যবহার করে অন্ধ্রপ্রদেশ থেকে একটি বেসরকারি কুরিয়ার সংস্থার মাধ্যমে চুরির মোবাইল কালিয়াচকে পাঠানো হচ্ছিল। পরে সেগুলি বিভিন্ন জায়গায় পাচারের পরিকল্পনা ছিল। অভিযোগ, এই পার্সেল পাঠাতে মুর্শিদাবাদের সুতির একটি ভুয়ো ঠিকানাও ব্যবহার করা হয়েছিল।
আখরুজ্জামানের দিকে তেড়ে গেলেন কুণাল, বেলেঘাটার বিধায়ককে চ্যাংদোলা করে বের করে দিলেন মার্শালরা! বিধানসভায় তুলকালাম
মালদহের পুলিশ সুপার অনুপম সিং জানান, বুধবার গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ অভিযান চালায়। কালিয়াচকের চৌরঙ্গি এলাকা থেকে এক ডেলিভারি বয়কে আটক করা হয়। তাঁর কাছে থাকা দুটি পার্সেল বক্স তল্লাশি করে বিভিন্ন নামী সংস্থার মোট ১০০টি মোবাইল ফোন উদ্ধার হয়। এরপর ডেলিভারি সংক্রান্ত তথ্যের ভিত্তিতে বৈষ্ণবনগর থানার পারদেওয়ানাপুর এলাকায় অভিযান চালিয়ে সোহেল রানাকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার হওয়া ১০০টি মোবাইল ফোনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা।
এই পাচারচক্রের সঙ্গে আরও কারা জড়িত, মোবাইলগুলি কোথা থেকে চুরি করা হয়েছে এবং এর পিছনে কোনও আন্তঃরাজ্য চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বুধবার ধৃতকে মালদহ জেলা আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে তাঁকে ১০ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।