• 'প্রাণটাই আগে!' মুর্শিদাবাদের শিক্ষা থেকে বর্ধমানে বড় সিদ্ধান্ত,ক্রসিং বন্ধ হলেও বিকল্পের অপেক্ষা
    News18 বাংলা | ২২ জুলাই ২০২৬
  • : মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ এলাকায় সম্প্রতি রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একাধিক প্রাণহানির ঘটনায় গোটা রাজ্য স্তম্ভিত। সেই ঘটনার পর বিভিন্ন রেল ক্রসিংয়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের শুনিয়া গ্রামের একটি রেল ক্রসিং সম্প্রতি বন্ধ করে দেওয়া হয়েছে। বহু বছর ধরে স্থানীয় মানুষ ও চাষিরা এই পথ ব্যবহার করলেও সম্ভাব্য দুর্ঘটনা এড়িয়ে মানুষের প্রাণ সুরক্ষিত রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

    এই রেল ক্রসিংয়ের ওপারেই রয়েছে একটি কবরস্থান। পাশাপাশি প্রায় বিস্তীর্ণ কৃষিজমিতে চাষাবাদ করেন এলাকার কৃষকরা। শুধু শুনিয়া নয়, আশপাশের ৬ থেকে ৭টি গ্রামের মানুষও এই পথ ব্যবহার করতেন। ফলে প্রথমদিকে কিছুটা উদ্বেগ তৈরি হলেও পরে রেল পুলিশ, স্থানীয় পুলিশ এবং জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সঙ্গে আলোচনা করেন। গ্রামবাসী লক্ষ্মীনারায়ণ দত্ত বলেন, “যাতায়াত করতে চাষবাসের ক্ষেত্রে আমাদের খুবই অসুবিধা হবে। তবে আমাদের নিরাপত্তার জন্যই তাঁরা এই রাস্তা ঘিরে দিচ্ছেন। তবে আমাদের বিকল্প রাস্তা করে দিলে আমাদের অনেক সুবিধা হবে।”

    প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই একটি বিকল্প রাস্তার ব্যবস্থা করা হবে। সেই রাস্তা তৈরি হলে কৃষিকাজ, ফসল পরিবহণ, কবরস্থানে যাতায়াত এবং সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলে কোনও অসুবিধা হবে না। স্থানীয় চাষিদের বক্তব্য, মুর্শিদাবাদের মতো দুর্ঘটনার পুনরাবৃত্তি কেউই চান না। তাই মানুষের জীবন ও রেলের নিরাপত্তার স্বার্থে রেল কর্তৃপক্ষের সিদ্ধান্তকে তাঁরা সমর্থন করছেন। তবে তাঁদের একটাই আবেদন বিকল্প রাস্তার কাজ যেন দ্রুত সম্পূর্ণ করা হয়, যাতে কৃষিকাজ ও সাধারণ মানুষের যাতায়াতে কোনও দীর্ঘমেয়াদি সমস্যা না থাকে।

    নিরাপত্তা এবং জনস্বার্থ, দুইয়ের মধ্যে ভারসাম্য রেখে প্রশাসনের এই উদ্যোগকে ইতিবাচক বলেই মনে করছেন এলাকাবাসী। এখন তাঁদের প্রত্যাশা, প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত বিকল্প রাস্তা নির্মাণ হলে একদিকে যেমন দুর্ঘটনার ঝুঁকি কমবে, অন্যদিকে এলাকার কয়েকটি গ্রামের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যারও স্থায়ী সমাধান হবে।
  • Link to this news (News18 বাংলা)