ফ্ল্যাট থেকে উদ্ধার মহিলার দেহ, হাতের শিরা কাটা অবস্থায় পড়ে লিভ ইন সঙ্গী! চাঞ্চল্য নিউটাউনে
প্রতিদিন | ২১ জুলাই ২০২৬
নিউটাউনে মর্মান্তিক ঘটনা। সোমবার দুপুরে চণ্ডীবেড়িয়ার একটি ফ্ল্যাট থেকে এক যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। ওই একই ফ্ল্যাট থেকে তাঁর লিভ ইন সঙ্গীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশের অনুমান, সম্পর্কের টানাপোড়েনের জেরে এই ঘটনাটি ঘটে। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।
জানা গিয়েছে, মৃত যুবতীর নাম তৃষা সাহা। তিনি নৈহাটির বাসিন্দা। তিনি কলকাতার একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। গত ৪ মাস ধরে সৌভিক রায় নামে এক যুবকের সঙ্গে চণ্ডীবেড়িয়ার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিলেন তৃষা। সৌভিকও ওই একই কোম্পানিতে কর্মরত। সোমবার দুপুরে চণ্ডীবেড়িয়ার ওই ফ্ল্যাট থেকে তৃষার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। একই ফ্ল্যাটে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন সৌভিক। তাঁর হাতের শিরা কাটা ছিল। তাঁকে উদ্ধার করে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
তৃষার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে নিউটাউন থানার পুলিশ। তৃষার মৃত্যুর পিছনে সৌভিকের হাত রয়েছে কি না, তাঁরা দু’জনেই একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন কি না– এই সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এদিকে সৌভিকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাই এই ঘটনায় বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারছে না পুলিশ। শারীরিক অবস্থার উন্নতি হলে তাঁর কাছ থেকে ঘটনার সম্পর্কে জানার চেষ্টা করা হবে। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।