‘দেশের ইতিহাসে সবচেয়ে বড় তরুণ-বিরোধী প্রধানমন্ত্রী’, মোদিকে আক্রমণ রাহুলের
প্রতিদিন | ২১ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন লোকসভার বিরোধী নেতা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। দাবি করলেন, দেশের ইতিহাসে তাঁর থেকে বড় তরুণ-বিরোধী প্রধানমন্ত্রী কেউই নেই। কংগ্রেস নেতার খোঁচা, প্রধানমন্ত্রী তরুণদের বিরুদ্ধে বলেই একজন ‘ব্যর্থ’ শিক্ষামন্ত্রীর থেকে ইস্তফাও চাইতে পারছেন না।
তাঁকে বলতে শোনা গিয়েছে, ”এই শিক্ষার্থীরা শিক্ষা ব্যবস্থা নিয়ে বৈধ প্রশ্ন তুললে তাদের লাঠিপেটা করা হয় এবং আটক করা হয়। যারা প্রশ্ন ফাঁসের জন্য দায়ী তারা মুক্ত, অথচ সত্যিই উদ্বিগ্ন পড়ুয়াদের টেনে নিয়ে মারধর করা হল। এই সরকার শুধু যুবকদেরই কেবল তরুণদের হতাশই করছে না, বরং তাদের বিরুদ্ধেই অবস্থান নিচ্ছে।”
উল্লেখ্য, এদিন সকালে বাদল অধিবেশনের প্রাক্কালে সংসদ চত্বরে মোদি খোঁচা দেন রাহুলকে। দেশের সাফল্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলছিলেন, ”গত মাসে একাধিক সাফল্য দেখেছে দেশ। জাতীয়, আন্তর্জাতিক, এমনকী এখন মহাকাশেও তৈরি হয়েছে গর্বের মুহূর্ত। সম্প্রতি একজন ভারতীয় নাগরিক আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছেন। পাশাপাশি মহাকাশ গবেষণা ক্ষেত্রে স্টার্টআপও এক বড় মাইলফলক অর্জন করেছে। যেখানে কর্মরত যুবকদের গড় বয়স ২৮ বছর। এটি কোনও কাকতালীয় ঘটনা নয়, বরং একটি বার্তা। তা হল আমাদের দেশের তরুণদের সম্ভাবনা ও আকাঙ্ক্ষা মহাকাশের মতোই সীমাহীন।” আর সেই সময়ই তাঁকে বলতে শোনা যায়, ”আমি কিন্তু ২৮ বছরের তরুণদের কথা বলছি। ৫৬ বছরের তরুণ নেতার কথা বলছি না।” মোদীর এই খোঁচা যে মূলত রাহুল গান্ধির উদ্দেশে তা পরিষ্কার বোঝা গিয়েছে বলেই দাবি ওয়াকিবহাল মহলের। এই নিয়ে ভারতের রাজনৈতিক মহলে বেশ চর্চা ও বিতর্ক শুরু হয়। এবার রাহুলও পালটা দিলেন মোদিকে।
সোমবার সংসদ অধিবেশনের প্রথম দিনেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অভিযান শুরু করেছে ককরোচ পার্টি। পরে তাদের তরফে দুই মুখপাত্রের সঙ্গে সাক্ষাৎ করেন জে পি নাড্ডা। তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলেই জানা যাচ্ছে।