• 'দময়ন্তী ফিরে এল, আমার মেয়েটা...', ৪ মাস নিখোঁজ অমৃতা, আদৌ ফিরবে তো? শেষমেশ যা বললেন বাবা...
    News18 বাংলা | ২১ জুলাই ২০২৬
  • সময়টা নেহাত কম না, এক দুই করতে করতে পেরিয়ে গিয়েছে চার চারটে মাস! কিন্তু এখনও খোঁজ পাওয়া যায়নি বীরভূম জেলার সিউড়ির বছর ২৪-এর নিখোঁজ তরুণী অমৃতা সিংহের। চলতি বছর ১৩ মার্চ বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি অমৃতা। জেলা পুলিশ এবং সিআইডি আধিকারিকরা দীর্ঘদিন ধরে একযোগে তদন্ত চালাচ্ছে। তবে এখনও পর্যন্ত কোনও নির্দিষ্ট সূত্র হাতে আসেনি। তবু হাল ছাড়তে নারাজ পরিবার, অন্যদিকে প্রশাসনও আশাবাদী। ইতিমধ্যে ঘটনায় রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের দ্বারস্থ হয় পরিবার।

    এ প্রসঙ্গে মন্ত্রী জানান, “এখনও পর্যন্ত কোনও গুরুত্বপূর্ণ সূত্র মিলছে না, তাঁর বাবা দাবি করছে মেয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় কিছু নিয়ে বেরয়নি, তবে আমার বিশ্বাস সময় লাগতে পারে, কিন্তু অমৃতাকে খুঁজে পাওয়া সম্ভব হবে।” এই সবকিছুর মাঝে হাওড়ার জাতীয় স্তরের শুটার দময়ন্তী নিখোঁজ হওয়ার দু’দিনের মাথায় উদ্ধার হওয়ায় নতুন করে আশার আলো দেখছেন অমৃতার বাবা অর্ধেন্দু সিংহ।

    অর্ধেন্দু সিংহ দময়ন্তীকে ব্যক্তিগতভাবে না চিনলেও তাঁর নিরাপদে ফিরে আসার খবর তাঁকে আনন্দ দিয়েছে। কারণ, নিজের সন্তান হারানোর যন্ত্রণা এখন তিনি গভীরভাবে অনুভব করেন। তাঁর প্রার্থনা, দময়ন্তী সুস্থ থেকে ভবিষ্যতে আরও সাফল্য অর্জন করুক। এই বিষয়ে কথা বলতে বলতে কার্যত কেঁদে ফেলেন।

    অর্ধেন্দু সিংহের বাড়িতে গিয়েছিলেন সিউড়ি থানার আইসি শৈলেন্দ্র উপাধ্যায়। অমৃতাদের ডাঙ্গালপাড়ার বাড়িতে গিয়ে অমৃতার মা-বাবার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। খতিয়ে দেখেন বেশ কিছু জরুরি নথিও। কিন্তু কোথাও থেকে কোনও ধরনের সুরাহা মেলা সম্ভব হয়নি এখনও। তবে পুলিশ প্রশাসন হাল ছাড়তে নারাজ। তাদের বিশ্বাস খুব তাড়াতাড়ি অমৃতার খোঁজ মিলবে। দময়ন্তীর মতোই বাবা-মায়ের কাছে ফিরে আসবে অমৃতা।
  • Link to this news (News18 বাংলা)