• আয়নার মেলার মাঝে মা দুর্গার তাক লাগিয়ে দেওয়া রূপ! কোথায় হচ্ছে এই মণ্ডপ? ঠিকানা জানুন
    News18 বাংলা | ২১ জুলাই ২০২৬
  • পুজোর থিমে ফুটে উঠবে শিশ মহল! খুঁটি পুজো থেকেই নজর কাড়তে চলেছে বসিরহাটের প্রগতি সংঘ। দূর থেকে দেখলে মনে হবে, যেন বসিরহাটেই গড়ে উঠেছে এক টুকরো ‘শিশ মহল’। আয়না ও দর্পণের কারুকার্যের মধ্য দিয়ে ফুটে উঠবে দেবী দুর্গার অপূর্ব দর্শন। বসিরহাট পৌরসভার ১০নং ওয়ার্ডের আস্তানা রোড সংলগ্ন প্রগতি সংঘের এবারের দুর্গাপুজোর থিমের নাম ‘রূপদর্পণ’। থিমের অভিনবত্বে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে শহরজুড়ে।

    গত কয়েক বছরে দুর্গাপুজোয় থিমের ছোঁয়া শহর ছাড়িয়ে গ্রামাঞ্চলেও পৌঁছে গিয়েছে। কলকাতার পার্শ্ববর্তী বহু পুজো এখন আয়োজন, শিল্পভাবনা ও দর্শক আকর্ষণের নিরিখে মহানগরীর বড় বড় পুজোকেও টেক্কা দিচ্ছে। সেই তালিকায় বরাবরের মতোই নিজের জায়গা ধরে রেখেছে বসিরহাটের প্রগতি সংঘের পুজো। এবছরও তার ব্যতিক্রম নয়। উদ্যোক্তাদের দাবি, প্রগতি সংঘের প্রায় ৭০ ফুট উঁচু মণ্ডপে ফুটিয়ে তোলা হবে ‘শিশ মহল’-এর আদলে এক মনোমুগ্ধকর দৃশ্যপট। অসংখ্য আয়নার প্রতিফলনে দেবী দুর্গার রূপ দর্শনার্থীদের সামনে ধরা দেবে এক অনন্য অনুভূতিতে।

    শুধু মণ্ডপ নয়, প্রতিমাতেও থাকছে নতুনত্বের ছোঁয়া, যা দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করবে বলেই মনে করছেন উদ্যোক্তারা। মণ্ডপ চত্বরকে ঘিরে তৈরি করা হবে আলোর ঝলমলে আবহ। খুঁটি পুজোর সময় থেকেই সেই প্রস্তুতির ইঙ্গিত মিলেছে। উদ্যোক্তাদের সঙ্গে উপস্থিত ছিলেন সন্দেশখালির বিধায়ক সনৎ সর্দার ও বিশিষ্ট সমাজসেবী তাপস ঘোষ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। তাঁদের বক্তব্য, এই পুজো শুধু ধর্মীয় উৎসব নয়, শিল্প ও সংস্কৃতিরও এক গুরুত্বপূর্ণ মেলবন্ধন।

    প্রতিবছরই দুর্গাপুজোর সময় বসিরহাট শহর ও আশপাশের এলাকা থেকে হাজার হাজার মানুষের ভিড় নামে আস্তানা রোডের এই পুজো মণ্ডপে। গোটা বছর ধরে যে উৎসবের অপেক্ষায় থাকেন বাঙালি, সেই দুর্গোৎসবকে আরও আকর্ষণীয় করে তুলতে এবার রূপদর্পণের মাধ্যমে চমক দিতে চলেছে প্রগতি সংঘ। সবমিলিয়ে, আয়নার প্রতিফলনে দেবী দর্শনের অনন্য অভিজ্ঞতা, বিশাল মণ্ডপ, আলোর নান্দনিক সাজ এবং শিল্পসম্মত উপস্থাপনায় এবারের দুর্গাপুজোয় বসিরহাটের অন্যতম আকর্ষণ হয়ে উঠতে চলেছে আস্তানা রোড প্রগতি সংঘের ‘রূপদর্পণ’। দর্শনার্থীদের জন্য এখন শুধু অপেক্ষা মহালয়ার পর সেই স্বপ্নের শিশ মহলকে চোখের সামনে দেখার।
  • Link to this news (News18 বাংলা)