• মাঠে চাষের কাজ করতে গিয়ে বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু, শোকের ছায়া রানিনগরে
    News18 বাংলা | ২১ জুলাই ২০২৬
  • মাঠে চাষের কাজ করতে গিয়ে বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু হল এক কৃষকের। ঘটনাটি সোমবার মুর্শিদাবাদের রানীনগর থানার চর বর্ডার পাড়া গ্রামে।

    মৃতের নাম মন্টু মণ্ডল (৫৫)। তিনি রানিনগরের চর বর্ডার পাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন চর বর্ডার পাড়া মাঠে জমিতে চাষের কাজ করার সময় তাঁকে একটি বিষাক্ত সাপ কামড়ায়। কিছুক্ষণ পরে বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে রানিনগর প্রধানপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।

    হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পরিবারে নেমে আসে শোকের ছায়া। খবর পেয়ে রানিনগর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

    অন‍্যদিকে, চলতি মাসেই মালদহে সাপের ছোবল খেয়ে পাল্টা সেই সাপকেই কামড়ে মেরে হাতে দোলাতে দোলাতে হাসপাতালে পৌঁছল যুবক। অবিশ্বাস্য এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনা সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল (যদিও সত্যতা যাচাই করেন নিউজ -18 বাংলা) হতেই হতবাক এলাকার বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে মালদহের মোথাবাড়ি থানা এলাকার। জানা গিয়েছে, মোথাবাড়ির মানুটোলা এলাকার ফারুক মোমিন নামে এক যুবক এদিন তার বাড়ির কাছেই কাজ করছিলেন।

    ঠিক সেই সময়েই হঠাৎ করেই এক বিশাল দৈর্ঘ্যের সাপ তার পায়ে ছোবল বসায়। আর ছোবল বসানোর সঙ্গে সঙ্গে ওই যুবক পাল্টা সাপটিকে হাতে ধরে কামড়ে দেয়। এরপর এখানেই না থেমে গিয়ে সেই সাপ হাতে নিয়েই বাঙ্গীটোলা হাসপাতালে যাওয়ার জন্য যানবাহন থামানোর চেষ্টা করেন ওই ব্যক্তি। যন্ত্রণায় ছটফট করতে থাকে সাপটিও। রাস্তায় এমন কাণ্ড দেখে পথ চলতি অনেকেই থমকে দাঁড়ান, অনেকেই ভয়ে দৌড়তে থাকেন।

    এরপর সাপ হাতে নিয়েই হাসপাতালে পৌঁছন ওই ব্যক্তি। বাঙ্গীটোলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই যুবককে যে সাপটি ছোবল বসিয়েছে সেটি সম্ভবত দাঁড়াশ সাপ। সেই সাপের ছোবল খেয়ে বর্তমানে ওই যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে সাপটির পরে কী হয়েছে তা অবশ্য জানা যায়নি।
  • Link to this news (News18 বাংলা)