আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার একুশে জুলাই। তৃণমূলের 'শহিদ তর্পণ'। তার আগে কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেল কালীঘাট তৃণমূল। তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইডির ফ্রিজ করা নিয়ে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের আবেদন খারিজ করলেন বিচারপতি কৃষ্ণা রাও। স্পষ্ট জানিয়ে দিলেন, এই মুহূর্তেই ইডির ফ্রিজ করা অ্যাকাউন্ট নিয়ে আদালত কোনরকম হস্তক্ষেপ করবে না। অর্থাৎ, আপাতত ফ্রিজই থাকছে তৃণমূলের ওই তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। একটি বিমান ও একটি হেলিকপ্টার অধিগ্রহণের উদ্দেশ্যে ২০২৩ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের জুনের মধ্যে 'কেয়ারওয়েল এভিয়েশন ইন্ডিয়া' এবং এর একটি সহযোগী প্রতিষ্ঠানে অর্থ পাচার, আর্থিক তছরুপের তদন্তের অংশ হিসেবেই পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সংস্থাটি। ইডি সূত্রে খবর, তৃণমূলের ওই তিন অ্যাকাউন্টে প্রায় ৪৪০ কোটি টাকা রয়েছে।
যদিও মমতা ব্যনার্জির নেতৃত্বাধীন কালীঘাট তৃণমূলের দাবি, ইডি রাজনৈতিক উদ্দেশ্যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করছে। তাদের আরও দাবি, ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা সমস্ত তথ্য সম্পূর্ণ ও স্বচ্ছ ভাবে আগেই প্রকাশ করা হয়েছে। এমনকি নির্বাচন কমিশন ও আয়কর বিভাগের কাছেও অনুদান সংক্রান্ত সব লেনদেনের তথ্য দেওয়া আছে। ফলে, ইডির ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইস্যুতে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে আবেদন করা হয়েছিল।