ফাইনালে হেরে স্পেনের ফুটবলারদের সঙ্গে অসভ্যতা, আর্জেন্তিনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ FIFA-র
এই সময় | ২০ জুলাই ২০২৬
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছে লিওনেল মেসির। স্পেনের কাছে ০-১ গোলে হেরে রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে আর্জেন্তিনাকে। কিন্তু ফাইনালের শেষে মাঠে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। স্পেনের ফুটবলারদের সঙ্গে ঝামেলায় জড়ান আর্জেন্তিনার কয়েকজন প্লেয়ার ও সাপোর্ট স্টাফরা। এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন ফুটবলপ্রেমীরা। এ বার নড়েচড়ে বসল ফিফা। আর্জেন্তিনার একাধিক ফুটবলারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি শুরু করেছে ফিফা, এমনটাই জানা গিয়েছে একাধিক রিপোর্টে।
কেন আর্জেন্তিনার বিরুদ্ধে তদন্ত শুরু করতে পারে FIFA?
স্পেনের ফুটবলাররা মাঠে নেমে বিশ্বকাপ জয়ের উল্লাস শুরু করতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হতাশ আর্জেন্তিনার কয়েকজন ফুটবলার বিপক্ষের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয় আর্জেন্তিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে ঘিরে।
লিয়ান্দ্রো পারেদেসের বিরুদ্ধে অভিযোগ কী?
ম্যাচ শেষে স্পেনের এরিক গার্সিয়া এবং গাভির সঙ্গে তার তীব্র বচসা হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিয়োতে দেখা যায়, কথা কাটাকাটির এক পর্যায়ে পারেদেস গাভিকে গলায় হাত দিয়ে ধাক্কা দেন। এরিক গার্সিয়ার সঙ্গেও ঝামেলায় জড়ান পারেদেস। এমন হিংসাত্মক আচরণের জন্য পারেদেসকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।
আর কোন কোন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে?
শুধু পারেদেস নন, আরও কয়েকটি ঘটনাও ফিফার নজরে এসেছে বলে জানা গেছে। একাধিক রিপোর্টে প্রকাশ, আর্জেন্তিনার ডিফেন্ডার নাহুয়েল মোলিনা স্পেনের ক্যাপ্টেন রদ্রিকে সতীর্থদের সঙ্গে সেলিব্রেশনে যোগ দিতে যাওয়ার সময়ে বাধা দেওয়ার চেষ্টা করেন। এ ছাড়া আর্জেন্তিনার সহকারী কোচ রবের্তো আয়ালা স্পেনের দানি ওলমোর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। অভিযোগ, এক সময়ে তিনি ওলমোকে ঘুষি মারার চেষ্টাও করেছিলেন।
আর্জেন্তিনার বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে ফিফা?
একাধিক রিপোর্টে প্রকাশ, ম্যাচের পরবর্তী ঘটনায় জড়িত আর্জেন্তিনার একাধিক ফুটবলারের আচরণ খতিয়ে দেখছে ফিফা। ম্যাচ কমিশনার এবং রেফারির রিপোর্ট খতিয়ে দেখে ফিফা শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে তাঁদের বিরুদ্ধে। এই নিয়ে তদন্ত হতে পারে। একাধিক প্রতিবেদনে দাবি, জরিমানা বা কয়েক ম্যাচ ব্যানের মুখেও পড়তে পারেন পারেদেস, মোলিনারা।
কেন আর্জেন্তিনার বিরুদ্ধে তদন্ত করছে FIFA?
বিশ্বকাপ ফাইনালের পর স্পেনের ফুটবলারদের সঙ্গে সংঘর্ষ ও অসদাচরণের অভিযোগের কারণে।
লিয়ান্দ্রো পারেদেসের বিরুদ্ধে কী অভিযোগ?
স্পেনের গাভি ও এরিক গার্সিয়ার সঙ্গে বচসা এবং গাভিকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে।
নাহুয়েল মোলিনার বিরুদ্ধে অভিযোগ কী?
স্পেনের অধিনায়ক রদ্রিকে সতীর্থদের সঙ্গে উদযাপনে যোগ দিতে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে।
রবের্তো আয়ালার বিরুদ্ধে কী অভিযোগ?
স্পেনের দানি ওলমোর সঙ্গে বচসায় জড়িয়ে পড়া এবং ঘুষি মারার চেষ্টা করার অভিযোগ উঠেছে।
FIFA কী শাস্তি দিতে পারে?
তদন্তের রিপোর্ট অনুযায়ী জরিমানা, কয়েক ম্যাচের নিষেধাজ্ঞা বা অন্য শৃঙ্খলামূলক ব্যবস্থা নিতে পারে।
ফাইনালে কোন দল জিতেছিল?
স্পেন ১-০ গোলে আর্জেন্তিনাকে হারিয়ে FIFA বিশ্বকাপ ২০২৬ জিতেছে।