আকাশ ভেঙে নামল বিপর্যয়! মুর্শিদাবাদের স্কুলে চরম আতঙ্ক, বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টিতে মৃত ১
News18 বাংলা | ২০ জুলাই ২০২৬
: সোমবার মুর্শিদাবাদ-সহ দক্ষিণবঙ্গ জুড়েই প্রবল ঝড় ও বৃষ্টি। আর এই প্রবল বৃষ্টি ও বজ্রপাতের জেরে মুর্শিদাবাদে একের পর এক দুর্ঘটনা। সুতি ও রঘুনাথগঞ্জে পৃথক ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির, আহত হলেন আরও পাঁচ জন। মৃত ও আহত সকলকেই জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুতি থানার সরলা-কিশোরপুর এলাকায় জমিতে ধান পুড়তে গিয়েছিলেন কয়েক জন। সেই সময় আচমকাই প্রবল বজ্রপাত হয়। ঘটনাস্থলেই গুরুতর আহত হন কার্তিক মণ্ডল (৪০)। তাঁকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। তারপরেই পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। একই ঘটনায় আহত হন নয়ন মণ্ডল, অনন্ত মণ্ডল এবং মিঠুন মণ্ডল। তিনজনই বর্তমানে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
অন্যদিকে, একই সময়ে রঘুনাথগঞ্জ থানার ওমরপুর পাবলিক স্কুলেও বজ্রপাতের তীব্র শব্দ ও বিদ্যুতের ঝলকানিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই সময় স্কুলে কর্তব্যরত দুই শিক্ষিকা সুলতানা পারভীন ও মতিজা খাতুন অসুস্থ হয়ে পড়েন। তাঁদেরও দ্রুত জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বজ্রপাতের তীব্ররা ও বিদ্যুতের ঝলকানির জেরেই তাঁরা আহত হন। দুই পৃথক ঘটনায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। পাশাপাশি আহত পাঁচজনের চিকিৎসা চলছে। ঘটনাকে কেন্দ্র করে দুই এলাকাতেই শোকের ছায়া নেমে এসেছে।
সম্প্রতি মুর্শিদাবাদের ধুলিয়ান গঙ্গাঘাট থেকে মালদার পারলালপুর ঘাটের উদ্দেশে যাত্রা করা একটি যাত্রীবাহী নৌকায় হৃদয়বিদারক ঘটনা ঘটে। প্রতিদিনের মতোই প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রী নিয়ে নৌকাটি গঙ্গা পেরিয়ে পারলালপুর ঘাটে পৌঁছেছিল। কিন্তু ঘাটে নামার কয়েক মুহূর্তের মধ্যেই আচমকা আকাশ কালো করে নামে প্রবল বৃষ্টি। শুরু হয় তীব্র বজ্রবিদ্যুৎ। আর সেই সময়ই ঘটে যায় ভয়ঙ্কর বিপর্যয়। ধুলিয়ান–পারলালপুর গঙ্গাঘাটে মর্মান্তিক ঘটনা। বজ্রপাতে প্রাণ গেল চারজনের, আহত অন্তত ১৫ জন।