• মাত্র ১ টাকায় হেডফোন! দোকানে পৌঁছেই ক্ষোভে ফেটে পড়লেন ক্রেতারা, কেন?
    News18 বাংলা | ২০ জুলাই ২০২৬
  • বলা হয়েছিল দেওয়া হবে ১ টাকায় হেডফোন। সেই খবর শুনেই বারুইপুরে দোকানের সামনে লম্বা লাইন দেয় ক্রেতারা। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী হেডফোন দেওয়া হয়নি বলে অভিযোগ তোলে ক্রেতারা, এরপর শুরু হয় বিশৃঙ্খলা।

    ১ টাকার হেডফোনের প্রতিশ্রুতি ঘিরে শুরু হয় উত্তেজনা। সোশ্যাল মিডিয়ায় দেওয়া প্রতিশ্রুতি বারুইপুরের যোগীবটতলায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ, নতুন একটি ফোন দোকানের উদ্বোধন উপলক্ষে প্রচার করেছিল যে, যারা তাদের ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফলো করে দোকানে আসবেন, তাঁদের মাত্র ১ টাকায় একটি হেডফোন দেওয়া হবে।

    এই ঘোষণার পর সেই অফারের আশায় বারুইপুর-সহ বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ দোকানের সামনে ভিড় জমান। উপস্থিতদের অভিযোগ, প্রথমে কয়েকজনকে হেডফোন দেওয়া হলেও পরে আর হেডফোন বিতরণ করা হয়নি। এরপরই ক্ষুব্ধ জনতার মধ্যে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ দোকানটি সাময়িকভাবে বন্ধ করে ভিড় ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বারুইপুর থানার এসআই শ্যামল চক্রবর্তী।

    আরও পড়ুনঃ স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে নওশাদের খোঁচা, “আমার স্বাস্থ্যের থেকে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য আরও খারাপ”

    অফারের আশায় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা বহু মানুষের অভিযোগ, কেউ দূর-দূরান্ত থেকে এসেছিলেন শুধুমাত্র ১ টাকার হেডফোন পাওয়ার আশায়। কিন্তু শেষ পর্যন্ত প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় তাঁরা ক্ষোভ প্রকাশ করেন এবং দোকান কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলেন।

    যদিও এ নিয়ে ওই দোকানের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখছে। বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ভিড় ছত্রভঙ্গ করতে দোকানটি সাময়িক ভাবে বন্ধ করে দেয়। সোশ‍্যাল মিডিয়া ফলো করে আসলে এই হেডফোন দেওয়া হবে বলা হয়েছিল। কিন্তু অতিরিক্ত ভিড় হবে সেই ঘটনা আন্দাজ করতে পারেননি দোকানদার। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
  • Link to this news (News18 বাংলা)