• বাংলা ভাষা নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি শাহের, সোমে বিধানসভায় পড়বেন শুভেন্দু
    প্রতিদিন | ২০ জুলাই ২০২৬
  • বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে কেন্দ্র সরকার। সেই ভাষার বিবর্তন, পরিবর্ধনের ইতিহাসকে সম্মান জানাতে তার চর্চার পরিসর তৈরির সুযোগ বাড়ছে। সে কথা লিখে বাংলার মুখ‌্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই চিঠি সোমবার রাজ‌্য বিধানসভায় পড়ে শোনাবেন মুখ‌্যমন্ত্রী।

    সোমবার থেকেই রাজ‌্য বিধানসভায় শুরু হচ্ছে বাদল অধিবেশন। এই অধিবেশনেই দপ্তরওয়াড়ি বাজেট পেশ হবে। প্রথমদিন পেশ হচ্ছে স্বাস্থ‌্য, পঞ্চায়েত ও পরিবহন দপ্তরের বাজেট। আগামিকাল অর্থাৎ অধিবেশনের প্রথমদিনে বাঙালির মাতৃভাষা চর্চার আরও সুযোগ কীভাবে সামনে আসবে তা বিস্তারিত জানাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অধিবেশন চলবে ২৫ জুলাই পর্যন্ত। মঙ্গলবার শিক্ষা ও উচ্চ শিক্ষা-সহ শিল্প দপ্তরের বাজেট পেশ। বুধবার পেশ হবে স্বরাষ্ট্র-সহ আরও একাধিক দপ্তরের বাজেট। থাকবেন মুখ‌্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী। থাকতে পারে একাধিক বিলও।তবে আগেই মুখ‌্যমন্ত্রী ঘোষণা করেছিলেন অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল পেশ হবে আগস্ট মাসে বিশেষ অধিবেশন ডেকে। তার জন‌্য একটি কমিটি গড়ে বিল আনার প্রস্তুতি চলছে। 

    উল্লেখ্য, আজ রবিবার কলকাতায় একাধিক কর্মসূচি ছিল শাহের। কলকাতায় দেশের প্রথম শব্দের জাদুঘর শব্দলোকের উদ্বোধনে এসে বাংলার সংস্কৃতির ভূয়সী প্রশাংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেই অনুষ্ঠানেই শুভেন্দু অধিকারী জানান, অমিত শাহ তাঁকে একটি চিঠি লিখেছেন। আগামিকাল বিধানসভায় সেই চিঠি পড়বেন বলবেন তিনি।  
  • Link to this news (প্রতিদিন)