আরও বিপদ বাড়ল অভিষেকের, আমফানে ৩০ কোটির দুর্নীতি! ফের পুলিশের দ্বারস্থ ববি
প্রতিদিন | ২০ জুলাই ২০২৬
দিন দিন বিপদ বাড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। এবার তাঁর বিরুদ্ধে উঠল আমফানের ত্রাণ বিলি নিয়েও দুর্নীতির অভিযোগ। এই অভিযোগ তুলে এবার দক্ষিণ ২৪ পরগনার নোদাখালি থানায় ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। তাঁর অভিযোগ, প্রায় ৩০ কোটি টাকা হাতানো হয়েছে শুধুমাত্র বজবজ ২ ব্লকেই। আর তা সবটাই করা হয়েছে ভুয়ো নথি তৈরি করে। এই সংক্রান্ত সব তথ্য পুলিশকে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন বিজেপি নেতা।
২০২০ সালে ২০ মে বাংলা-ওড়িশা উপকূলে আছড়ে পড়ে শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান। তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা। কেন্দ্রের তরফে ত্রাণ পাঠানো হয়। ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ দাস ববির দাবি, ২০২০ তে আমফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণের অর্থ পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার। ঝড়ে সম্পূর্ণ ক্ষতিগ্রস্তদের ২০ হাজার টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্তদের ৫ হাজার করে টাকা ক্ষতিপূরণের অর্থ হিসেবে পাঠানো হয়। কিন্তু তাঁর অভিযোগ, একই ফোন নম্বরের বিভিন্ন এলাকার একাধিক ব্যক্তিকে ক্ষতিপূরণের অর্থ প্রদান করা হয়েছে। কিন্তু বজবজ-২ নম্বর ব্লকে আমফানে প্রকৃত ক্ষতিগ্রস্তরা কেন্দ্রীয় সরকারের পাঠানো ক্ষতিপূরণের এই অর্থ পাননি। এভাবেই প্রায় ৩০ কোটি টাকার আর্থিক দুর্নীতি হয়েছে। এসবই হয়েছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুপারিশেই, এমনই অভিযোগ বিজেপি নেতার।
অভিজিৎ দাস বলেন, সেকারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মূল অভিযুক্ত করে এবং তৎকালীন অতিরিক্ত জেলাশাসক, বিডিও, এসডিও, স্থানীয় তৃণমূল নেতৃত্ব, পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে নোদাখালি থানায় এই আর্থিক দুর্নীতির তদন্ত চেয়ে এদিন অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন বিজেপি নেতা।
জানা গিয়েছে, এদিন বিষ্ণপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরও একটি অভিযোগ দায়ের হয়েছে। হুমকি দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে নয়া অভিযোগ দায়ের করেন বিষ্ণুপুরের বিজেপি নেতা অভিজিৎ সর্দার। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছিলেন। এবার তিনিই ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হলেন। সম্প্রতি আমতলায় তৃণমূল পার্টি অফিস ভাঙার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে হুমকির সুরে অভিষেক বলেছিলেন, ”যে আইনে পার্টি অফিস ভাঙা হয়েছে, সরকার বদলালে বিজেপির একটাও অফিস থাকবে না।” এহেন মন্তব্যের জেরেই এবার ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় অভিযোগ জানালেন অভিজিৎ সর্দার।