বিয়ের আসর ছেড়ে হঠাৎ রাস্তায় বর! হেলমেটহীনদের হাতে তুলে দিলেন বিশেষ উপহার
News18 বাংলা | ২০ জুলাই ২০২৬
বিয়ের দিন সাধারণত বর-বউকে ঘিরেই থাকে বাড়ির সমস্ত আয়োজন। কিন্তু নিজের জীবনের বিশেষ দিনটিকে সমাজের জন্য স্মরণীয় করে তুললেন পূর্ব বর্ধমানের ভাতারের যুবক তানবীর আনসারি। বিয়ের অনুষ্ঠান চলাকালীনই রাস্তায় নেমে হেলমেট না পরা মোটরসাইকেল আরোহীদের হাতে নতুন হেলমেট তুলে দিলেন তিনি। পাশাপাশি অরণ্য সপ্তাহ উপলক্ষে প্রায় ১০০টি চারাগাছও রোপণ করেন নবদম্পতি।
পূর্ব বর্ধমান জেলার ভাতারের এরুয়ার গ্রামের বাসিন্দা তানবীর আনসারীর সঙ্গে মঙ্গলকোটের পালিশগ্রামের প্রিয়া চৌধুরীর বিয়ে হয় নতুনহাটের একটি অনুষ্ঠান ভবনে। শুভবিবাহের দিনেই সামাজিক বার্তা দেওয়ার লক্ষ্যে একাধিক অভিনব উদ্যোগ নেন বর।
‘সেভ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচিকে সামনে রেখে অনুষ্ঠান ভবনের বাইরে বেরিয়ে পথচলতি হেলমেটহীন মোটরসাইকেল আরোহীদের হাতে নতুন হেলমেট তুলে দেন তানবীর। বিয়ের পোশাকে বরকে এভাবে সচেতনতার বার্তা দিতে দেখে এলাকার মানুষ যেমন অবাক হন, তেমনই তাঁর উদ্যোগের প্রশংসাও করেন।
শুধু সড়ক নিরাপত্তাই নয়, পরিবেশ রক্ষার বার্তাও দেন তিনি। অরণ্য সপ্তাহ উপলক্ষে প্রায় ১০০টি চারাগাছ রোপণ করে সবুজায়নের ডাক দেন নবদম্পতি। তানবীর আনসারি বলেন, “ছোটবেলা থেকেই বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচিতে অংশ নিতে ভালবাসি আমি। আজ আমার জীবনের এক নতুন অধ্যায়ের শুরু। এই বিশেষ দিনটিকে সমাজের জন্য কিছু ভাল কাজের সঙ্গে যুক্ত করতে পেরে খুব ভাল লাগছে।”
তানবীরের এই অভিনব উদ্যোগে খুশি ভাতার ও মঙ্গলকোট এলাকার মানুষ। বিয়ের আনন্দের মধ্যেই সমাজের প্রতি দায়বদ্ধতার এমন নজির অনেকের কাছেই অনুপ্রেরণা হয়ে উঠেছে।