দীক্ষা ভুঁইয়াঃ কেরালা সরকারের পথেই হাঁটল রাজ্য সরকার। আজ রাত ১২টা ৩০ মিনিটে ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। মুখোমুখি স্পেন-আর্জেন্টিনা। সেই ম্যাচের জন্য এ বার পড়ুয়াদের স্বার্থে পশ্চিমবঙ্গের মর্নিং স্কুলগুলির জন্য বিশেষ নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দফতর।
রবিবার রাতে ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন-এর প্রশাসনিক শাখার তরফে জারি করা হয়েছে নির্দেশিকা। নির্দেশে অনুযায়ী, স্পেন ও আর্জেন্টিনার ফাইনাল ম্যাচটি ভারতীয় সময় অনুযায়ী সোমবার, ২০ জুলাই রাত ১২টা ৩০ মিনিটে শুরু হবে। সেই বিষয়টি বিবেচনা করেই মর্নিং স্কুলগুলিকে উপস্থিতির ক্ষেত্রে শিথিলতা দেওয়া অথবা প্রয়োজনে ছুটি ঘোষণা করার অনুমতি দেওয়া হয়েছে।
বিকাশ ভবন থেকে জারি হওয়া এই নির্দেশে প্রাথমিক ও মাধ্যমিক জেলা বিদ্যালয় পরিদর্শকদের অনুরোধ করা হয়েছে, যাতে তাঁরা সংশ্লিষ্ট সমস্ত মর্নিং স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি দ্রুত জানিয়ে দেন।
শিক্ষা দফতরের এই সিদ্ধান্তের ফলে সোমবার রাজ্যের বিভিন্ন মর্নিং স্কুলে উপস্থিতি শিথিল করা বা ছুটি ঘোষণা করার বিষয়ে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিতে পারবে।
প্রসঙ্গত, ফুটবলপ্রেমী বাংলার মানুষ যাতে একসঙ্গে ফিফা বিশ্বকাপের ফাইনাল উপভোগ করতে পারেন, সেই উদ্যোগও নিয়েছে রাজ্য সরকার। আজ রাত ১২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হতে চলা ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচ রাজ্যের সমস্ত জেলায় বড় পর্দায় (জায়ান্ট স্ক্রিন) সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যুবকল্যাণ ও ক্রীড়া দফতরের অতিরিক্ত মুখ্যসচিব রাজেশ পাণ্ডে এ বিষয়ে সমস্ত জেলা শাসকদের উদ্দেশে নির্দেশিকা জারি করেছেন। নির্দেশিকায় বলা হয়েছে, পশ্চিমবঙ্গে ফুটবলের দীর্ঘ ঐতিহ্য এবং বিপুল জনপ্রিয়তার কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে জেলার সাধারণ মানুষ একত্রিত হয়ে ফাইনাল ম্যাচ উপভোগ করতে পারেন।
জেলা প্রশাসনকে প্রতিটি জেলায় গুরুত্বপূর্ণ স্থানে জায়ান্ট স্ক্রিন বসানোর পাশাপাশি প্রয়োজনীয় পরিকাঠামো, নিরাপত্তা ও অন্যান্য লজিস্টিক ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে। এছাড়া, আগে থেকেই ব্যাপক প্রচারের নির্দেশও দেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ এই আয়োজন সম্পর্কে জানতে পারেন।