ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচ উপলক্ষে পশ্চিমবঙ্গের মর্নিং স্কুলগুলিতে উপস্থিতির ক্ষেত্রে শিথিলতা বা ছুটি ঘোষণার অনুমতি দেওয়া হয়েছে। স্কুল শিক্ষা দপ্তরের তরফে রবিবার এক নির্দেশিকা জারি করা হয়েছে।
সেই নির্দেশিকায় জানানো হয়েছে, ভারতীয় সময় অনুযায়ী সোমবার (২০ জুলাই) রাত ১২টা ৩০ মিনিটে স্পেন ও আর্জেন্তিনার মধ্যে ফাইনাল ম্যাচ শুরু হবে। সেই কারণে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ প্রয়োজনে ছাত্রছাত্রীদের উপস্থিতির নিয়ম শিথিল করতে বা ছুটি ঘোষণা করতে পারবেন। জেলা বিদ্যালয় পরিদর্শকদেরও এই নির্দেশ দ্রুত সংশ্লিষ্ট মর্নিং স্কুলগুলিকে জানাতে বলা হয়েছে।
আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তার পরেই টিভি বা মোবাইলে চোখ থাকবে ফুটবল অনুরাগীদের। ছোট থেকে বড়ো— সকলেই সাক্ষী হওয়ার অপেক্ষায় ফুটবল বিশ্বকাপের অন্তিম ম্যাচের। মেসি নাকি লামিনে ইয়ামাল— কার হাতে উঠবে বিশ্বকাপ, তা দেখার অপেক্ষায় রয়েছে রাজ্যবাসীও। স্কুলের পড়ুয়ারাও যে এই ম্যাচের দর্শক, তা বলার অপেক্ষা থাকে না। রাত জেগে ম্যাচ দেখার পরে সোমবার, সপ্তাহের শুরুর দিনেই স্কুলে যেতে সমস্যায় পড়তে হবে। সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর।
ইতিমধ্যে জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিনে ফাইনাল খেলা দেখানোর প্রস্তুতি নিয়েছে রাজ্য সরকার। কলকাতার নন্দনে সরকারি উদ্যোগে খেলার স্ক্রিনিংয়ের ব্যবস্থা হয়েছে। সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এর মাঝেই মর্নিং স্কুল পড়ুয়াদের জন্য এই সিদ্ধান্তে খুশি অভিবাভবকরাও।