• অনশন থেকে সরানো হল সোনামকে, ভর্তি হাসপাতালে
    বর্তমান | ১৮ জুলাই ২০২৬
  • নয়াদিল্লি, ১৮ জুলাই: জল্পনার অবসান। সময় এগোনোর সঙ্গে সঙ্গে বাড়ছিল সোনাম ওয়াংচুকের অনশন নিয়ে একাধিক উত্তেজনা। কিন্তু আজ অনশনের ২১তম দিনে সোনাম ওয়াংচুককে হাসপাতালে নিয়ে যাওয়া হল দিল্লি পুলিশের তরফে। এদিন ভোরে দিল্লির যন্তর-মন্তর চত্বরে এসে পৌঁছয় দিল্লির বিশাল পুলিশ বাহিনী। ধর্না মঞ্চ থেকে অনশনরত সমাজকর্মী, শিক্ষাবিদ সোনামকে সরিয়ে ভর্তি করা হয় নিকটবর্তী এক হাসপাতালে। ক্রমশই সোনামের শারীরিক অবস্থার অবনতির জেরে দিল্লি হাইকোর্টের নির্দেশেই এই পদক্ষেপ নিয়েছে পুলিশ। এমনটাই জানা গিয়েছে পুলিশ মারফত।  

    গত ২৮শে জুন থেকে অনশনে ছিলেন ৫৯ বছর বয়সি সমাজকর্মী সোনাম ওয়াংচুক। চলতি বছরের নিট-ইউজি পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনশন আন্দোলন শুরু করেছিলেন বাস্তবের ‘র‌্যাঞ্চ’। আর সেই কারণেই সোনামের সৌজন্যেই ককরোচ জনতা পার্টির অবস্থান বিক্ষোভে বাড়ছিল সাধারণ মানুষের সহমর্মিতা। অনশন হওয়া দিল্লির যন্তর মন্তর এলাকায় বাড়ছিল ভিড়। 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, টানা এতদিনের অনশনের ফলে সোনামের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছিল। আদালতের নির্দেশ মেনেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি চিকিৎসকরাও জানিয়েছিলেন, তাঁর শারীরিক পরিস্থিতির এতটাই অবনতি হয়েছিল যে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন। তাঁকে সরানোর সময় প্রতিবাদকারীদের একাংশ পুলিশের কাজে বাধা দেওয়ার চেষ্টা করেন বলে দাবি পুলিশের। এর জেরে যন্তর মন্তরে সাময়িক উত্তেজনা তৈরি হলেও পুলিশ সর্বোচ্চ চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

    অপরদিকে ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্র সৌরভ দাস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে দেখা যায়, ইউনিফর্ম পরা এবং সাধারণ পোশাকে থাকা পুলিশকর্মীরা প্রতিবাদস্থলের মঞ্চে উঠে সোনম ওয়াংচুককে সরিয়ে নিয়ে যাচ্ছেন। ঘটনাকে ঘিরে সেইখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় এমনটাই দেখা গিয়েছে ওই পোস্ট হওয়া ভিডিওতে। 
  • Link to this news (বর্তমান)