বীরভূমবাসীর জন্য বড় উপহার! কলকাতায় তৈরি হচ্ছে 'বীরভূম ভবন', লোকেশন জানালেন মন্ত্রী জগন্নাথ
News18 বাংলা | ১৮ জুলাই ২০২৬
: রাজ্যে পালাবদল প্রায় দু’মাসেরও বেশি সময় অতিক্রম করেছে। বিপুল সংখ্যক সিট পেয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি। মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। বিভিন্ন দফতরে মন্ত্রীর পদ পেয়েছেন বিজেপির বিধায়করা। ঠিক সেই মতো বীরভূম জেলার সিউড়ি বিধানসভার বিজেপির বিধায়ক তথা উচ্চশিক্ষা ও পশ্চিমবঙ্গের কারিগরি শিক্ষামন্ত্রী হয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। আর জগন্নাথ চট্টোপাধ্যায় মন্ত্রীত্বের পদ পাওয়ার পরেই বড় ঘোষণা করলেন।
তিনি বলেন, “কলকাতায় ‘বীরভূম ভবন’ তৈরি করার জন্য মনস্থ করেছি, আমরা ঠিক কতটা বঞ্চিত ছিলাম তার একটা বড় উদাহরণ আপনাদের দিচ্ছি, কলকাতা শহরে পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার সবগুলির নিজস্ব ভবন আছে, একমাত্র বীরভূম ভবন ছিল না, আমরা নিউটাউন বিশ্ববাংলা গেটের কাছে প্রধান অবস্থানে ‘বীরভূম ভবন’ নির্মাণ করার জন্য মনস্থ করেছি।”
তিনি আরও জানান “বীরভূম ভবনের জিওগ্রাফিকাল লোকেশন আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব, যদি বীরভূমের ছেলেমেয়েরা পরীক্ষা দিতে যায়, চিকিৎসা করাতে যায়, তাঁরা জনপ্রতিনিধিদের কাছে যদি আবেদন জানায় যে থাকার ব্যবস্থা করে দিতে হবে তাহলে আমরা ব্যবস্থা করে দেব, মেট্রো স্টেশন থেকে একেবারে খুব সামনে ফলে বীরভূম ভবন যেখানে তৈরি হবে সেখান থেকে মেট্রো স্টেশনের যোগাযোগ ব্যবস্থা এত সুন্দর হবে সেটা আপনাদের বলে বোঝানো যাবে না, একদিকে এয়ারপোর্ট, একদিকে দক্ষিণ কলকাতা, বা মধ্য কলকাতা।”
তিনি জানান, “হাসপাতাল, চাকরির পরীক্ষার দিতে যাওয়ার যে জায়গাগুলি যেমন প্রায় সব ধরনের পরীক্ষা সেক্টর ফাইভে হয়, মেট্রো স্টেশনের মাধ্যমে সেই জায়গায় পৌঁছে যাবে, এই যে জমির ছাড়পত্র একটা সময় ঘটনাচক্রে আমার উদ্যোগে হয়েছিল তবে এর কোনও পদক্ষেপ কোথাও কিছু হয়নি, আমি মাননীয় জেলা শাসককে ধন্যবাদ জানাবো যে যেনও আমরা দ্রুত জমি পেয়ে কাজ শুরু করতে পারি তিনি সেই বিষয়টি দেখছেন, ইতিমধ্যেই জমি চিহ্নিত হয়ে গিয়েছে, আমি মনে করি বীরভূমবাসীর জন্য কলকাতার বুকে ‘বীরভূম ভবন’ এক অন্যতম আনন্দের বিষয় হতে পারে, এখন আর বীরভূমের লোকেদের কলকাতায় গিয়ে দু-তিন দিন থাকতে হলে হোটেলে ভাড়া করে থাকতে হবে না, সিউড়ি রামপুরহাট বোলপুর থেকে বুকিং এর ব্যবস্থা হবে বুকিং করে তাঁরা বীরভূম ভবনে গিয়ে থাকবেন।”