• বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম, বিশেষ স্মারক দেওয়া হবে বিশ্বচ্যাম্পিয়নদের
    আজকাল | ১৭ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: কাউন্টডাউন শুরু। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই প্রায় দেড় মাসের মহাযজ্ঞের সমাপ্তি। বিশাল আকারের সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করেছে ফিফা। বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথমবার একটি অভিনব ঘটনা ঘটতে চলেছে। ট্রফির পাশাপাশি বিশ্বকাপ চ্যাম্পিয়নদের এবার বিশেষ আংটি দেওয়া হবে। নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে প্রথম আত্মপ্রকাশ ঘটবে ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপ আংটির। আইকনিক ট্রফির সঙ্গে চ্যাম্পিয়ন দলের ফুটবলারদের হাতে তুলে দেওয়া হবে এই স্পেশাল আংটি।

    কী থাকবে এই চ্যাম্পিয়নশিপ আংটিতে? সেই বিষয়েও ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে। আংটির একদিকে থাকবে ফিফা বিশ্বকাপ ট্রফি। অন্যদিকে জয়ী দলের একটি প্রতীকী। ফিফা ২০২৬ টি আংটি বাজারে এনেছে। বছরের সঙ্গে সংখ্যা সমতুল্য রাখা হয়েছে। তারমধ্যে ৩০টি আংটি থাকবে বিশ্বকাপ চ্যাম্পিয়নদের জন্য। বাকি ১৯৯৬ আংটি ফ্যানদের জন্য। ফাইনাল শেষ হতেই, চ্যাম্পিয়ন দলের অধিনায়ক এবং কোচকে মাঠে সেলিব্রেশন চলাকালীনই দেওয়া হবে অস্থায়ী আংটি। পরে ৩০টি কাস্টোমাইজড আংটি আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে। যা বিশ্বকাপের স্মারক হিসেবে রেখে দিতে পারবে প্লেয়াররা।

    রবিবার স্থানীয় সময় দুপুর তিনটেয় শুরু ফাইনাল। ভারতীয় সময় যা রাত সাড়ে ১২টা। মুখোমুখি আর্জেন্টিনা এবং স্পেন। প্রথমবার প্রতিযোগিতামূলক ম্যাচে মুখোমুখি দুই যুগ। লিওনেল মেসি এবং লামিনে ইয়ামাল। যা বিশ্বব্যাপী আকর্ষণ তৈরি করেছে। ১৯ বছর আগের একটি ফটোশুট প্রকাশ্যে আসায়, ফুটবলভক্তদের আগ্রহ আরও বেড়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ২-১ গোলে নাটকীয় জয়ে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছে আর্জেন্টিনা। ১৯৬৬ সালের পর প্রথমবার ফাইনালের ওঠার হাতছানি ছিল থ্রি লায়ন্সদের সামনে। কিন্তু মেসি ম্যাজিকে হাতছাড়া হয়। এদিকে ২০১০ সালের পর প্রথমবার বিশ্বকাপের ফাইনালে স্পেন।
  • Link to this news (আজকাল)