• শেষবার মেসি যখন এই পোস্ট করেন, বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা, কী সেই বিশেষ পোস্ট
    আজকাল | ১৭ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: চার বছর আগে আর্জেন্টিনাকে বিশ্বকাপের ফাইনালে তোলার পর, নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন লিওনেল মেসি। তার কয়েকদিন পরেই হাতে তোলেন বিশ্বকাপ। এবার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে চলেছে? সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নাটকীয় জয়ের পর আবার সেই একই পোস্ট করেন মেসি। ২০২২ কাতার বিশ্বকাপে ওঠার পর ছবিতে যে ক্যাপশন দিয়েছিলেন, এবারও সেই একই ক্যাপশন দেন। এই পোস্ট ফ্যানদের নজর এড়ায়নি। কেউই এটাকে কাকতালীয় বলে মেনে নিতে পারছে না। আরও একবার আর্জেন্টিনাকে ফুটবল অমরত্বের পর্যায় নিয়ে গিয়েছেন মেসি।

    ইংল্যান্ডের বিরুদ্ধে পিছিয়ে থাকার পর তাঁর জোড়া অ্যাসিস্টে নাটকীয় প্রত্যাবর্তন করে আর্জেন্টিনা। মেসির পারফরম্যান্স হেডলাইন তৈরি করলেও, ম্যাচ শেষে নিজের ইনস্টাগ্রাম আপডেট ভক্তদের নজর কাড়ে। ঠিক কী লিখেছিলেন মেসি? জয়ের কয়েক মুহূর্তের পর ক্যাপশন সহ সেলিব্রেশনের একটি পোস্ট শেয়ার করেন মেসি। সেখানে লেখেন, 'আমরা ফাইনালে। আরও একটা দারুণ পারফরম্যান্স আমরা উপহার দিয়েছি। যারা এই গ্রুপের ওপর আস্থা রেখেছে, তাঁদের সবাইকে ধন্যবাদ। ভামোস আর্জেন্টিনা কারাজো!!! # টোডোস জুনটোস।' শেষ দুটো শব্দের ইংরেজি অর্থ, 'অল টুগেদার।' বাংলায় তর্জমা করলে দাঁড়ায়, 'সবাই একসঙ্গে।'

    বহু আর্জেন্টিনা ভক্তের জন্য এই শব্দগুলো চেনা। কারণ ২০২২ কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনালে ওঠার পরও সোশ্যাল মিডিয়ায় এই কথাগুলোই লিখেছিলেন মেসি। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। অবশেষে বিশ্বকাপ জেতেন মেসি। বৃত্ত সম্পূর্ণ হয়। এবার একই পোস্ট করে ভক্তদের স্বপ্ন দেখাতে শুরু করেছেন। অনেকেই ভাবছেন, এটা কাকতালীয় নয়, ইচ্ছাকৃতভাবে পোস্ট করেছেন মেসি। অধিকাংশ ফুটবলারের কুসংস্কার থাকে। এটা তাঁরই অঙ্গ। এই পোস্টে মেসি দলের সামগ্রিক লড়াইকে তুলে ধরেন। চলতি বিশ্বকাপে ব্যক্তিগত নৈপুণ্যকে ছাপিয়ে গিয়েছে টিম স্পিরিট। ট্র্যাডিশন হোক বা কুসংস্কার, বিশ্বকাপ ফাইনালের আগে মেসির এই পোস্ট আর্জেন্টিনা ভক্তদের নজর কেড়েছে। হয়ে উঠেছে চর্চার বিষয়। চার বছর আগে এই পোস্টের পরই মেসির ফুটবলজীবনে এসেছিল সেই সেরা রাত। এবারও কি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে?
  • Link to this news (আজকাল)