স্যার গ্যারি সোবার্সের মৃত্যুতে শোকস্তব্ধ ক্রিকেটবিশ্ব, শ্রদ্ধাজ্ঞাপন প্রাক্তন ভারতীয় ক্রিকেটারদের
আজকাল | ১৭ জুলাই ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি স্যার গ্যারি সোবার্সের মৃত্যুতে শোকস্তব্ধ ক্রিকেটবিশ্ব। ৮৯ বছর বয়সে বার্বাডোজে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার। তাঁর মৃত্যুতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট, ইংল্যান্ড ক্রিকেটের পাশাপাশি ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং, ইশান্ত শর্মা এবং অজিঙ্কা রাহানেরা শোকপ্রকাশ করেন।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বিসিসিআই লেখে, 'স্যার গারফিল্ড সোবার্সের মৃত্যুতে বিসিসিআই গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন ক্রিকেটের সত্যিকারের আইকন এবং সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার। তাঁর অসাধারণ কৃতিত্ব, ক্যারিবিয়ান ক্রিকেটে দীর্ঘস্থায়ী প্রভাব এবং বিশ্ব ক্রিকেটে অপূরণীয় অবদান চিরকাল মনে থেকে যাবে। তাঁর উত্তরাধিকার প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে।' ইংল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে বলা হয়েছে, 'সর্বকালের সেরাদের অন্যতম। স্যার গারফিল্ড সোবার্স চিরকাল আমাদের হৃদয়ে থাকবেন।'
ভারতের প্রাক্তন ক্রিকেটার ইশান্ত শর্মা সোবার্সকে 'ক্রিকেটের এক সত্যিকারের মহীরুহ' বলে উল্লেখ করে শোকপ্রকাশ করেন। অজিঙ্কা রাহানেও তাঁর পরিবার এবং বন্ধুদের প্রতি সমবেদনা জানান। প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং লেখেন, 'বিশ্বক্রিকেট উজ্জ্বলতম রত্নদের মধ্যে একজনকে হারাল। স্যার গ্যারি সোবার্স শুধু কিংবদন্তি ছিলেন না, তিনি ছিলেন মহানতার প্রতিমূর্তি। তাঁর অসাধারণ প্রতিভা এবং বিনয় প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে তাঁর উত্তরাধিকার চিরকাল বেঁচে থাকবে।'
বার্বাডোজে জন্মগ্রহণ করা সোবার্সের মাত্র ১৬ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়। পরের বছরই ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্টে হাতেখড়ি হয়। ১৯৫৮ সালে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত ৩৬৫ রান করে টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের বিশ্বরেকর্ড গড়েছিলেন তিনি। ১৯৯৪ সালে তাঁরই দেশের ব্রায়ান লারা সেই রেকর্ড ভাঙেন।