টাইম বোমায় ভারতকে রক্তাক্ত করার ছক! গুজরাটে গ্রেপ্তার ৫ জইশ জঙ্গি
প্রতিদিন | ১৮ জুলাই ২০২৬
দেশজুড়ে টাইম বোমা হামলার ছক! যদিও সে ষড়যন্ত্র বাস্তবায়িত হওয়ার আগেই তদন্তকারীদের জালে ৫ সন্দেহভাজন জঙ্গি। গোপন অভিযান চালিতে জইশ-ই-মহম্মদ জঙ্গিগোষ্ঠীর সদস্য বলে অভিযুক্ত এই ৫ জনকে গ্রেপ্তার করেছে গুজরাটের সন্ত্রাসদমন শাখা (এটিএস)। ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।
এটিএস সূত্রে জানা গিয়েছে, ভারতের একাধিক জায়গায় সন্ত্রাসবাদী হামলা চালাতে বিস্ফোরক সংগ্রহ করেছিল এই সন্দেহভাজন জইশ সদস্যরা। গ্রেপ্তার হওয়া এই ৫ জন টাইম বোমার পাশাপাশি নানা ধরনের বিস্ফোরক বানাতেও দক্ষ। তদন্তকারীদের আরও দাবি, পাকিস্তানের নির্দেশ মেনে কাজ করছিল এই দলটি। শুধু তাই নয়, জঙ্গি হামলা চালাতে সীমান্তের ওপার থেকে সেকেন্ডহ্যান্ড গাড়িও কিনতে বলা হয়েছিল এই এদের।
তদন্তকারীদের তরফে জানা যাচ্ছে, সপ্তাহখানের আগে গুজরাট ও মধ্যপ্রদেশের জইশের একটি স্লিপার সেলের সন্ধান পাওয়া যায়। তদন্তে নেমে দুই রাজ্যে ৮ সদস্যকে গ্রেপ্তার করে এটিএস। তদন্তে জানা যায়, মাদ্রাসার আড়ালে এই গোষ্ঠীর সদস্যরা পড়ুয়াদের মগজধোলাই করত। এমনকী জঙ্গিদলে নিয়োগ, হামলার প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। এই গ্রেপ্তারির ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে যায়। অভিযুক্তদের জেরা করে আরও ৫ জইশ সদস্যের সন্ধান মেলে। গুজরাটের একাধিক জেলায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে এই ৫ জনকে।
তদন্তে জানা যাচ্ছে, ‘দারুল ইসলাম’ নামে একটি সংগঠন তৈরি করে সন্ত্রাসী কার্যকলাপের ব্লু প্রিন্ট সাজাচ্ছিল জঙ্গিরা। গুজরাটই ছিল এদের মূল ঘাঁটি। এখান থেকেই দেশের একাধিক বড় শহরে হামলার ছক কষা হয়। এই ৫ অভিযুক্তকে নিয়ে এখনও পর্যন্ত এই স্লিপার সেলের ১৩ জন সদস্যকে গ্রেপ্তার করল গুজরাট এটিএস। রাজ্যের আর কোথায় কোথায় এদের নেটওয়ার্ক তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।