• উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস, ধসের আশঙ্কায় সতর্ক করল আবহাওয়া দফতর
    আজ তক | ১৮ জুলাই ২০২৬
  • IMD Heavy Rain Forecast North Bengal: উত্তরবঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা। আগামী সপ্তাহান্তে উত্তরবঙ্গের উপ-হিমালয় সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল ভারতীয় আবহাওয়া দফতর (IMD)। দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কার পাশাপাশি উত্তরবঙ্গের সমতল এলাকার নিচু অংশে জল জমে প্লাবিত হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস।

    আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি হওয়া নিম্নচাপটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়লেও তার প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। আগামী ১৮ এবং ১৯ জুলাই জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু-একটি জায়গায় হতে পারে অত্যন্ত ভারী বৃষ্টিও।

    এই সময় দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২০ জুলাই উত্তরবঙ্গের সমস্ত উপ-হিমালয় সংলগ্ন জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে IMD। এরপর ধীরে ধীরে বৃষ্টির তীব্রতা কমার সম্ভাবনা রয়েছে।

    বৃষ্টির জেরে দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় ধস নামতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। একইসঙ্গে উত্তরবঙ্গের সমতল এলাকার নিচু অংশে জল জমে স্থানীয়ভাবে প্লাবন পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে।

    তবে দক্ষিণবঙ্গে আপাতত বড় কোনও দুর্যোগের পূর্বাভাস নেই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২২ জুলাই পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

    IMD-র তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আলিপুরদুয়ারের তোর্ষা চা-বাগানে রাজ্যের সর্বোচ্চ ৫ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। জলপাইগুড়ির সরস্বতীপুর চা-বাগানে ৪ সেন্টিমিটার, কালিম্পংয়ের রংগোতে ৩ সেন্টিমিটার, জলপাইগুড়ির বাইনটগুড়ি চা-বাগানে ৩ সেন্টিমিটার এবং আলিপুরদুয়ারের বিচ চা-বাগানেও ৩ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে।

    ফলে সপ্তাহান্তে উত্তরবঙ্গের পাহাড় ও সমতল, দুই এলাকাতেই বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে পাহাড়ি রাস্তায় যাতায়াতের ক্ষেত্রে ধস ও ভূমিধসের আশঙ্কার কথা মাথায় রেখে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ রয়েছে।

     
  • Link to this news (আজ তক)