• 'বিধানসভায় এই বোনের ভূমিকা দেখলে অবাক হয়ে যাবেন!'দলের কোন বিধায়কের ভূয়সী প্রশংসায় শুভেন্দু?
    News18 বাংলা | ১৮ জুলাই ২০২৬
  • শুক্রবার বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিল-এর কারখানার নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ মেজিয়ার এই এলাকা শালতোড়া বিধানসভার মধ্যে পড়ে৷ যে এলাকার বিধায়ক বিজেপি-র চন্দনা বাউরি৷ শুক্রবার মেজিয়ার সেই অনুষ্ঠান থেকেই ভূয়সী প্রশংসা শোনা গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গলায়৷

    ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর থেকেই রাজ্য রাজনীতিতে অন্যতম চর্চিত নাম হয়ে উঠেছেন চন্দনা বাউরি৷ রাজমিস্ত্রির জোগাড়ে থেকে বিধায়ক হওয়া চন্দনার উত্থান সিনেমার গল্পের মতোই৷ শুক্রবার নিজের দলের সেই লড়াকু বিধায়কের সম্পর্কে বলতে গিয়ে শুভেন্দু বলেন, ‘বিধানসভায় এই বোনের ভূমিকা দেখলে অবাক হয়ে যাবেন, ভীষণ লড়াকু, স্পষ্টবাদী৷ একেবারে প্রান্তিক পরিবার থেকে তিনি উঠে এসেছেন৷’

    একসময় পেশায় রাজমিস্ত্রি নিজের স্বামীর সঙ্গেই জোগাড়ের কাজ করতেন চন্দনা বাউরি৷ তৃণমূলের অপশাসন, অত্যাচারের বিরুদ্ধে লড়বেন বলেই বিজেপি-র সংগঠনে যোগ দেন তিনি৷ ২০২১ সালে বাঁকুড়ার শালতোড়া বিধানসভা থেকে জয়ী হয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন সাধারণ এই গৃহবধূ৷ ২০২৬ সালেও শালতোড়া থেকে ফের জয় পেয়েছেন চন্দনা৷ গত পাঁচ বছর বিধায়ক থাকার অভিজ্ঞতা থেকে আরও পরিণত হয়েছেন রাজনীতিবিদ চন্দনা৷ কয়েক দিন আগে বিধানসভার বাজেট অধিবেশনেই তাঁর বক্তব্য রীতিমতো প্রশংসা কুড়োয়৷

    তৃণমূলকে কড়া আক্রমণ শানিয়ে বিধানসভায় রীতিমতো দাপুটে বক্তব্য রাখেন চন্দনা বাউরি৷ শালতোড়ার বিধায়ককে বলতে শোনা যায়, আঙুল তুলে কথা বলবেন না৷ যখন আপনাদের লোকেরা চড়াম-চড়াম, গুড় বাতাসা দেওয়ার কথা বলত তখন আপনারা চুপ করে থাকতেন কেন?

    চন্দনা বাউরিকে আরও বলতে শোনা যায়, ‘পশ্চিমবঙ্গের বর্তমান সরকার হিন্দু-মুসলিম করে না৷ বরং সবকা সাথ, সবকা বিকাশের কথা বলে৷’

    পর পর দু বার বিধায়ক নির্বাচিত হয়েও অবশ্য বদলাননি চন্দনা৷ এখনও নিজের সংসার নিজে হাতেই সামলান তিনি৷ কয়েকদিন আগে কোদাল, বেলচা হাতে বাঁকুড়ার মেজিয়ার  সরকারি হাসপাতাল পরিষ্কারও করতে দেখা গিয়েছিল চন্দনা বাউরিকে৷
  • Link to this news (News18 বাংলা)