• মুছল নীল-সাদা, তবে গেরুয়া নয়! অমিত শাহের সফরের আগে উত্তরকন্যায় নতুন রংয়ের প্রলেপ
    News18 বাংলা | ১৮ জুলাই ২০২৬
  • রাজ্যে পালাবদলের পর বদলাচ্ছে মিনি সচিবালয়ের রঙ। তৃণমূলের আমলে যা ছিল নীল-সাদা। বিজেপি ক্ষমতায় আসতেই তা হচ্ছে হলুদ-সাদা। নবান্নের রং এখনও না বদলালেও বদলে যাচ্ছে উত্তরবঙ্গে রাজ্য সরকারের প্রধান সচিবালয় উত্তরকন্যার রং৷

    আজ রাতেই শিলিগুড়িতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামিকাল উত্তরকন্যায় এক হাইভোল্টেজ প্রশাসনিক বৈঠকে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । তাঁর এই হাইপ্রোফাইল সফরের আগেই জোরকদমে শুরু হয়েছে প্রস্তুতি। আর তারই অঙ্গ হিসেবে তড়িঘড়ি পরিবর্তন করা হচ্ছে উত্তরকন্যার রং। পুরনো নীল-সাদার প্রলেপ মুছে ফেলে পুরো ভবনটিকে এখন রাঙিয়ে দেওয়া হচ্ছে হলুদ ও সাদা রংয়ে।

    শনিবারের এই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে উত্তরবঙ্গের সীমান্ত নিরাপত্তা জোরদার করা, আন্তর্জাতিক সীমান্তে নজরদারি বাড়ানো এবং বিএসএফ-এর আউটপোস্টগুলির আধুনিকীকরণ নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা হবে। বৈঠকে উত্তরবঙ্গের সবকটি সীমান্তবর্তী জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং বিএসএফ এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।

    শনিবারের বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ইন্দো-বাংলা সীমান্ত লাগোয়া ফুলবাড়িতে জুমাগছের একটি বিওপি পরিদর্শনের পাশাপাশি উত্তরকন্যায় টানা একাধিক উচ্চপর্যায়ের বৈঠক রয়েছে অমিত শাহের।

    রাজ্যে পালাবদলের পর ইতিমধ্যেই সরকারি অনুষ্ঠানগুলিতে নীল-সাদার পরিবর্তে সাদা এবং গেরুয়া রংয়ের ব্যবহার চোখে পড়ছে৷ শুধু তাই নয়, কলকাতাতেও বেশ কয়েকটি রাস্তায় পথ বিভাজিকার রং বদল শুরু হয়েছে৷ এবার শিলিগুড়িতে বদলাতে চলেছে উত্তরকন্যার রং৷

    মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার শিলিগুড়িতে পা দিয়েই শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, উত্তরবঙ্গের ঋণ শোধ করবেন তিনি৷ শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভাতেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে৷ এবার খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে শিলিগুড়িতেই হতে চলেছে নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক৷
  • Link to this news (News18 বাংলা)