• হলদিয়ায় বন্দরের কাছে দুর্ঘটনা, লাইনচ্যুত মালবাহী ট্রেনের ৪টি বগি
    এই সময় | ১৭ জুলাই ২০২৬
  • শুক্রবার সকালে মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ স্টেশন এবং গোবিন্দপুরের মাঝে একটি দুর্ঘটনায় পাঁচ স্কুল পড়ুয়ার মৃত্যু হয়েছে। রেলকর্মীদের গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এর মাঝেই ফের রেল দুর্ঘটনা হলদিয়ায়। হলদিয়া বন্দরে পণ্য খালি করে ফেরার সময়ে লাইনচ্যুত হয় মালগাড়ির ৪টি বগি। বন্দরের পণ্য খালি করে ধীর গতিতে যাওয়ায় বড়সড় দুর্ঘটনা ঘটেনি।

    ঘটনার পর রেল কর্তৃপক্ষ ও হলদিয়া বন্দরের আধিকারিকদের উপস্থিতিতে ক্রেন-সহ অন্যান্য যন্ত্রপাতি দিয়ে লাইনচ্যুত বগিগুলিকে জুড়ে পুনরায় মেচেদার অভিমুখে রওনা দেয়। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। বন্দরের লাইনে ঘটনাটি ঘটায় ট্রেন চলাচলে সেই ভাবে ব্যাঘাত ঘটেনি বলে জানিয়েছে রেল।

    রেলের এক আধিকারিক জানিয়েছেন, বন্দর থেকে বের হওয়ার সময়ে পর পর চারটি বগি লাইনচ্যুত হয়েছিল। তবে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হবে।

    উল্লেখ্য, এ দিন মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ স্টেশন এবং গোবিন্দপুরের মাঝে ট্রেনের ধাক্কায় ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, কর্ণসুবর্ণ স্টেশন এবং গোবিন্দপুরের মাঝের রেল গেট বন্ধ ছিল। নবদ্বীপ-বালুরঘাট এক্সপ্রেস চলে যাওয়ার পরেই গেটম্যান ক্রসিং খুলে দেন বলে অভিযোগ। সেই সময়েই স্কুল পড়ুয়াদের নিয়ে একটি টাটা সুমো গাড়ি রেল লাইন পার হচ্ছিল। তখনই তীব্র গতিতে চলে আসে নিমতিতা-কাটোয়া লোকাল। স্কুল ভ্যানটিকে পিষে দেয় ট্রেনটি। ঘটনার পরে গেটম্যান এবং সুপারভাইজারকে সাসপেন্ড করেছে পূর্ব রেল।

  • Link to this news (এই সময়)