• ‘কাঁঠাল, মালপোয়া, পায়েস...’, মিড ডে মিলে ছাত্র-ছাত্রীদের জগন্নাথদেবের ৫৬ ভোগ
    এই সময় | ১৭ জুলাই ২০২৬
  • রথযাত্রা চলছে। গোটা রাজ্যে মেতে রয়েছে আনন্দে। নদিয়ার ‘মায়াপুর ঠাকুর ভক্তি বিনোদ ইনস্টিটিউট’-ও সেই উৎসবের মেজাজ। রথের পরের দিন শুক্রবার ছাত্রছাত্রীদের মিড ডে মিলে পরিবেশন করা হল জগন্নাথদেবের ‘ছাপ্পান্ন ভোগ’ (৫৬ ভোগ)। প্রসাদ মাথায় ঠেকিয়ে পেট ভরে খেল সবাই। বাদ গেলেন না শিক্ষক-শিক্ষিকারাও।

    রথের পরের দিন স্কুলে মিড ডে মিলের রান্না প্রথমে জগন্নাথ দেবকে নিবেদন করা হয়। তার পরে পরিবেশন করা হয় ছাত্রছাত্রীদের। রান্নাঘরেই জগন্নাথ-বলরাম-সুভদ্রার ছবি। সেখানে পুজোর নিবেদন করা হয় সব রান্না। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এ দিন প্রায় ৪০০ পড়ুয়ার খাবারের আয়োজন করা হয়েছিল। আমন্ত্রণ জানানো হয়েছিল কয়েক জন অতিথিকেও। প্রত্যেকেই পাত পেড়ে খেয়েছেন।

    ৫৬ ভোগে ছিল জগন্নাথদেবের প্রিয় কাঁঠাল, বিভিন্ন ধরনের ফল, খাজা, মালপোয়া, পাটিসাপটা, মিষ্টি, পায়েস, বিভিন্ন ভাজা, শাক এবং একাধিক নিরামিষ তরকারি। খাওয়াদাওয়ার বিপুল খরচের সবটাই জুগিয়েছেন শিক্ষক-শিক্ষিকারাই। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যগোপাল মণ্ডলের কথায়, ‘প্রত্যেক শিক্ষক-শিক্ষিকা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন। এটা আমাদের বিদ্যালয়ের দীর্ঘদিনের ঐতিহ্য।’

    বর্তমানে রাজ্য সরকার ইস্কনকে পুরসভার স্কুলগুলিকে মিড ডে মিল খাওয়ানোর দায়িত্ব দিয়েছে। জানা গিয়েছে, পড়ুয়াদের নিরামিষ খাওয়ানো হবে। সেই নিয়ে বিতর্কও চলছে বিস্তর। তবে মায়াপুরের এই স্কুলে দীর্ঘদিন ধরেই নিরামিষ মিড ডে মিল খাওয়ানো হয় পড়ুয়াদের। এটাই এই স্কুলের বিশেষত্ব।

    বর্তমানে স্কুলে প্রায় ১,১৭৮ জন ছাত্রছাত্রী, ৩৬ জন শিক্ষক। বিদ্যালয়ের প্রশাসক তথা নদিয়ার নর্থ সার্কেলের স্কুল পরিদর্শক জানবাস শেখ বলেন, ‘এই ধরনের উদ্যোগের মূল লক্ষ্য ছাত্রছাত্রীদের যাতে বিদ্যালয়ের প্রতি টান আরও বাড়ে, তার জন্যই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়। স্কুলমুখী হওয়ার উৎসাহও মেলে।’

    এই বিশাল আয়োজনের নেপথ্যে ছিলেন নয় জন রাঁধুনি। ভোর পাঁচটা থেকেই রান্নার কাজে নেমে পড়েন তাঁরা। রাঁধুনি অসীমা বিশ্বাস জানান, প্রতি বছর তাঁরাই রান্না করেন। ছাত্রছাত্রীদের হাতে ‘প্রসাদ’ তুলে দিতে পেরে তাঁরা গর্বিত। ধর্মীয় ঐতিহ্য, সামাজিক সম্প্রীতি আর বিদ্যালয়মুখী শিক্ষার বার্তাকে একসূত্রে গেঁথে এই আয়োজন বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।

  • Link to this news (এই সময়)