সরকারি প্রোটোকল নয়, হেঁটেই সকলের সঙ্গে ঘুরলেন রথের মেলায়, সাইকেলে জনতার দরবারে হাজির এই মন্ত্রী
News18 বাংলা | ১৭ জুলাই ২০২৬
নির্বাচনী প্রচারের সময় ঝাড়গ্রামে এক স্থানীয় দোকান থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঝালমুড়ি খাওয়ার বিষয়টি রাজ্য রাজনীতিতে চর্চিত হয়েছিল। রাজ্যের আঙিনা ছেড়ে ভিনরাজ্যে, অন্য দেশেও ভাইরাল হয়েছিল সেই ঘটনা। তবে বিধানসভা নির্বাচন পেরিয়ে গেলেও এখনও সেই ঝালমুড়ির ট্রেন্ড লেগেই রয়েছে। এবার রাত্রে ঝালমুড়ি হাতে রথের মেলা চষে বেড়াতে দেখা গেল রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী তথা সিউড়ি বিধানসভার বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়কে। সাধারণ মানুষের ভিড় আর উৎসবের আমেজের মধ্যেই এক অন্য মেজাজে ধরা দিলেন মফস্বলী মন্ত্রী।
তবে সেই ভিড়ের মধ্যে মন্ত্রীর জন্য কোথাও কোনও সরকারি প্রটোকলের জাঁকজমক ছিল না। আর পাঁচজন সাধারণ মানুষ যেমন ভাবে মেলা ঘুরে মেলার আনন্দ উপভোগ করেন, ঠিক তেমনভাবেই পায়ে হেঁটে মেলা ঘুরতে দেখা গেল মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়কে। আর যে মন্ত্রীকে বিগত কয়েকদিন থেকে টিভির পর্দায় দেখে অভ্যস্ত সাধারণ মানুষ, তাঁকে সামনাসামনি পেলে তাঁর সঙ্গে ছবি ক্যামেরাবন্দি করবেন না সেটা কী আর হয়? তাই আশেপাশে মানুষের ভিড় ও ছিল কম না।
আরও পড়ুন: ‘SIR-এ নাম বাদ মানেই নাগরিকত্ব হারানো নয়…’, অন্নপূর্ণা-সহ সরকারি প্রকল্পের সুবিধা মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের
নিজের শহরের মন্ত্রীকে এতটা কাছ থেকে পেয়ে সেলফি তুলতে ভিড় জমিয়ে দেন অনেকেই। তাঁর সঙ্গে ছবি তোলার জন্য রীতিমতো হুড়োহুড়ি শুরু হয়ে যায় মেলায়। কাউকেই অবশ্য নিরাশ করেননি তিনি। হাসিমুখেই মিটিয়েছেন সেলফি শিকারিদের আবদার। হাতে হাত মিলিয়ে রথযাত্রার শুভেচ্ছা জানিয়েছেন এলাকার বাসিন্দাদের, মেলার মধ্যে উপস্থিত কচিকাঁচার সঙ্গে কাটিয়েছেন অনেকটা সময়।
আরও পড়ুন: টিকিট ছাড়াই ট্রেনের সেকেন্ড AC-তে চড়ে বসলেন ‘ম্যাডাম’…! TTE করলেন ফাইন, পরমুহূর্তেই যা ঘটল, ঘাম ছুটল টিকিট পরীক্ষকের
প্রসঙ্গত বৃহস্পতিবার সকালেও ‘জনতার দরবার’ কর্মসূচিতে যোগ দেন এলাকার বিধায়ক। আর সেখানেও প্রটোকলের কোনও বালাই ছিল না। সরকারি গাড়ি না নিয়ে সাইকেল চালিয়ে ওই কর্মসূচিতে যোগদান করেন রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী। সরকারি গাড়ি ছেড়ে মন্ত্রীর সাইকেলে আগমন উপস্থিত অনেকেরই বেশ নজর কাড়ে। আর সরকারি প্রটোকল পাওয়া একজন মন্ত্রীর এমন উপস্থিতির মুহূর্ত ক্যামেরাবন্দি করেন এলাকার মানুষ। সেই ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সিউড়ি শহরের বাসিন্দা উৎপল বিশ্বাস জানান “একেবারে সাধারণ মানুষ, ‘পাশের বাড়ির ছেলে’-র ভূমিকায় পাওয়া যায় জগন্নাথ দাকে।”