• লিফট থেকে লাক্সারি ওয়েটিং রুম, জলপাইগুড়ি রোড স্টেশন উদ্বোধনে প্রধানমন্ত্রী! থাকছে আরও সুবিধা
    News18 বাংলা | ১৭ জুলাই ২০২৬
  • এক নজরে বদল, লোকাল থেকে মডেল! উত্তরবঙ্গে নজর কাড়ছে এই জায়গা, কি আছে নতুন? প্রায় ৩৫ কোটি টাকার ছোঁয়ায় বদলে গেল জলপাইগুড়ি রোড স্টেশন! ভার্চুয়াল উদ্বোধনে থাকবেন প্রধানমন্ত্রী। যার ফলে উত্তরবঙ্গের রেল যোগাযোগে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। অমৃত ভারত প্রকল্পের আওতায় নবনির্মিত জলপাইগুড়ি রোড রেল স্টেশনের উদ্বোধন করতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    ভার্চুয়াল মাধ্যমে একযোগে দেশের মোট ৭৫টি আধুনিকীকৃত রেল স্টেশনের উদ্বোধন করবেন তিনি। সেই দিন জলপাইগুড়ি রোড স্টেশন চত্বরে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে রেল সূত্রে খবর। জলপাইগুড়ির সংস্কৃতি ও ঐতিহ্যকে গুরুত্ব দিয়েই এই স্টেশনকে নতুন রূপে সাজানো হয়েছে। আধুনিকতার ছোঁয়ার পাশাপাশি স্থানীয় ঐতিহ্যের প্রতিফলন ঘটানো হয়েছে স্থাপত্য ও নকশায়। ফলে স্টেশনটি শুধু যাতায়াতের কেন্দ্র নয়, হয়ে উঠছে জেলার পরিচয়ের এক গুরুত্বপূর্ণ অংশ।

    উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, এই প্রকল্পে জলপাইগুড়ি রোড স্টেশনের পুনর্নির্মাণে প্রায় ৩৪ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয় হয়েছে। যাত্রী পরিষেবাকে আরও উন্নত করতে স্টেশনে আধুনিক টিকিট কাউন্টার, আরামদায়ক ওয়েটিং রুম, লিফটের সুবিধা, উন্নত আলোকসজ্জা এবং পরিপাটি ল্যান্ডস্কেপিং করা হয়েছে। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকেও বিশেষ জোর দেওয়া হয়েছে। রেলের এই উদ্যোগে যাত্রীদের স্বাচ্ছন্দ্য যেমন বাড়বে, তেমনি উত্তরবঙ্গের পর্যটন ও অর্থনৈতিক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বেশিরভাগ মানুষ।

    দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারাও। স্থানীয় বাসিন্দা স্বপন দাস বলেন যে আগের তুলনায় রেল স্টেশন নতুন ভাবে সেজে উঠেছে। কিন্তু দূরপাল্লার ট্রেনের দরকার. তাহলে মানুষের আরও সুবিধা হবে। কলকাতাগামী কিছু ট্রেন দরকার। তবে সবমিলিয়ে আধুনিক সুযোগ-সুবিধা ও নান্দনিকতায় নতুন সাজে সেজে উঠছে জলপাইগুড়ি রোড স্টেশন। যার আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে প্রধানমন্ত্রীর হাত ধরে।
  • Link to this news (News18 বাংলা)