ট্রেনের ধাক্কায় দলা পাকিয়ে গেল স্কুলভ্যান, ২ পড়ুয়া-সহ ৩ জনের মৃত্যু, ১০ লক্ষ ক্ষতিপূরণের আশ্বাস
News18 বাংলা | ১৭ জুলাই ২০২৬
সাতসকালে স্কুল পড়ুয়া বোঝাই পুলকারে ধাক্কা মারে নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার। দুমড়ে-মুচড়ে যায় স্কুল ভ্যানটি, মৃত্যু হয়েছে দুই শিশু-সহ এক প্রবীণ ব্যক্তির। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন বহরমপুরের বর্ষীয়ান রাজনীতিবিদ অধীর চৌধুরী। ঘটনাস্থল থেকেই তিনি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ফোন করেন। এরপর মৃতের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের আশ্বাস দেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে কর্ণসুবর্ণ যাচ্ছেন রাজ্যের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। গেটম্যান অনুপ কর্মকারকে গ্রেফতার করা হয়েছে। রেলমন্ত্রী জানিয়েছেন, গেটম্যানকে গ্রেফতার করে রেল প্রয়োজনীয় সমস্ত ধরনের ব্যবস্থা নিচ্ছে।
এদিকে, মুর্শিদাবাদের কর্ণসুবর্ণের এই রেল দুর্ঘটনায় এখনও পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে রয়েছে দু’জন স্কুল পড়ুয়া এবং এক প্রবীণ সাইকেল আরোহী। অন্যদিকে, এই ঘটনায় আহত হয়েছেন আরও ৬ স্কুল পড়ুয়া, তাদের ভর্তি করা হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। গাড়ির চালকের অবস্থা আশঙ্কাজনক।
প্রসঙ্গত, বহরমপুর থানার গোবিন্দপুর রেলগেটে শুক্রবার এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি ছোট গাড়িতে করে স্কুলের শিশুদের নিয়ে যাওয়া হচ্ছিল। একটি ট্রেন চলে যাওয়ার পর রেলগেট খুলে দেওয়া হয়, তখন গেট অতিক্রম হওয়ার চেষ্টা করে গাড়িটি। ঠিক সেই সময় লাইনে ঢুকে পড়ে নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার। অভিযোগ, দ্বিতীয় ট্রেন আসার কথা থাকলেও গেট নামেনি। একই সময় এক সাইকেল আরোহীও রেললাইন অতিক্রম হওয়ার চেষ্টা করেন। নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জারের ধাক্কায় স্কুলের বাচ্চা বোঝাই ছোট গাড়ি ও সাইকেল নিয়ে আরোহী ছিটকে পড়ে। ঘটনাস্থলেই ওই সাইকেল আরোহী ব্যক্তি ও দুই শিশুর মৃত্যু হয়। দুর্ঘটনায় আরও একাধিক শিশু গুরুতর আহত হয়েছে। তাদের দ্রুত উদ্ধার করে বহরমপুরের হাসপাতালে পাঠানো হয়েছে। কর্ণসুবর্ণ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ৬ জন চিকিৎসাধীন।
স্থানীয় বাসিন্দা নুরজামান জানিয়েছেন, রোজই দুটো ট্রেন একই সময়ে যায়। সেই জন্য গেট নামানো থাকে। কিন্তু আজ একটি মাত্র ট্রেন যাওয়ার পরেই গেট তুলে দেওয়া হয়। ফলে কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলে আসায় নিয়ন্ত্রণ সম্ভব হয়নি। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।