শনিতে শিয়ালদহ শাখায় বাতিল একাধিক ট্রেন, তালিকায় রানাঘাট লোকালও
প্রতিদিন | ১৭ জুলাই ২০২৬
নৈহাটি জংশন স্টেশনে আধুনিক ইন্টারলকিং ব্যবস্থা চালুর জন্য সপ্তাহান্তে শিয়ালদহ ডিভিশনে বেশ কয়েকটি ট্রেন বাতিল ও যাত্রাপথ নিয়ন্ত্রণ করছে রেল। আগামী শনি ও রবিবার উন্নত লজিক সার্কিট স্থাপনের জন্য এই স্টেশনে ৪ ঘণ্টার ট্রাফিক ব্লক করা হচ্ছে। ইলেকট্রনিক ইন্টারলকিং (ইআই) ব্যবস্থার সম্প্রসারণের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন আপডেটেড লজিক সার্কিট-সহ নৈহাটি সেন্ট্রাল ইআই ও ইআই হাট স্থাপনের উদ্দেশ্যে কাজ চলবে। ১৮ জুলাই শনিবার রাত ১২টা থেকে ১৯ তারিখ রবিবার ভোর ৪টে পর্যন্ত নন-ইন্টারলকিং ট্রাফিক ব্লক হবে। এই সময়ে কয়েকটি ট্রেন বাতিল ও কয়েকটি ট্রেন চলাচলের যাত্রাপথ নিয়ন্ত্রণ করা হয়েছে।
নৈহাটি জংশন শিয়ালদহ ডিভিশনের অন্যতম ব্যস্ত স্টেশন। বৃহত্তম ইয়ার্ডগুলির একটি। এই স্টেশন দিয়ে বিভিন্ন দিকের মেল/এক্সপ্রেস ও যাত্রীবাহী ট্রেন চলাচল করে। এটি পার্শ্ববর্তী ডিভিশনগুলির সঙ্গে গুরুত্বপূর্ণ সংযোগ রক্ষা করে। রেলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ট্রেন চলাচলকে আরও নির্বিঘ্ন করতে এই ট্রাফিক ব্লক অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য রেল প্রশাসন আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। এর ফলে নিম্নলিখিত ট্রেন পরিচালনার ব্যবস্থা করা হয়েছে:
১৮ জুলাই, শনিবার যে ট্রেনগুলির যাত্রা নিয়ন্ত্রণ করা হচ্ছে :
৬৩১০৬ ডাউন (লালগোলা–শিয়ালদহ) ১৮ জুলাই রানাঘাট পর্যন্ত চলবে।
৩১১৯২ ডাউন (নৈহাটি–কল্যাণী সীমান্ত) ১৮ জুলাই কল্যাণী পর্যন্ত চলবে এবং ৩১১৯১ আপ (কল্যাণী সীমান্ত–নৈহাটি) ১৯ জুলাই কল্যাণী থেকে যাত্রা শুরু করবে।
১৩১০৬ ডাউন (বালিয়া–শিয়ালদহ) ১৮ জুলাই বালিয়া থেকে ১১:৫০টায় অর্থাৎ ১৮০ মিনিট দেরিতে ছাড়বে।
১৩১৬০ ডাউন (জোগবনী–কলকাতা) ১৮ জুলাই জোগবনী থেকে বিকেল ৫টা ১৫ মিনিটে অর্থাৎ ১৫০ মিনিট দেরিতে ছাড়বে।
১৩১৪২ ডাউন (নিউ আলিপুরদুয়ার–শিয়ালদহ) ১৮ জুলাই নিউ আলিপুরদুয়ার থেকে দুপুর দেড়টায় অর্থাৎ ১০০ মিনিট দেরিতে ছাড়বে।
৫৩১৭২ ডাউন (লালগোলা–শিয়ালদহ) ১৮ জুলাই তারিখে লালগোলা থেকে রাত সাড়ে ১১টায় অর্থাৎ ৭৫ মিনিট দেরিতে ছাড়বে।
১৯ জুলাই (রবিবার) যে ট্রেনগুলির যাত্রা নিয়ন্ত্রণ করা হচ্ছে :
১৫০৫০ ডাউন (গোরখপুর–কলকাতা) ব্যান্ডেল জংশন পর্যন্ত ৪৫ মিনিট নিয়ন্ত্রিত হবে।
১৩১৯০ ডাউন (বালুরঘাট–শিয়ালদহ) ব্যান্ডেল জংশন পর্যন্ত ৪৫ মিনিট নিয়ন্ত্রিত হবে।
১৩১৫৪ ডাউন (মালদহ–শিয়ালদহ) ব্যান্ডেল জংশন পর্যন্ত ৩০ মিনিট নিয়ন্ত্রিত হবে।
যাত্রীদের অসুবিধা কমানোর লক্ষ্যে সপ্তাহান্তে এই কাজের পরিকল্পনা করা হয়েছে। দ্রুততর ও সুরক্ষিত রেল পরিষেবা নিশ্চিত করতে শিয়ালদহ ডিভিশনের সকল যাত্রীর সহযোগিতা কামনা করেছে রেল। যাত্রার আগে যাত্রীদের ডিভিশনের সরকারি সোশাল মিডিয়া হ্যান্ডেল ও অন্যান্য সরকারি মাধ্যমে সংশোধিত ট্রেনের সময়সূচি দেখে নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।