বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎই রটে যায় 'দুলারী' ধারাবাহিকটির শুটিং নাকি সোমবার থেকে বন্ধ হতে চলেছে। টাকা পয়সা বকেয়া রয়েছে বহু। টেকনিশিয়ানদের তরফে এমনই অভিযোগ আনা হয়েছে। আর্থিক জটিলতার কারণেই আগামী সপ্তাহের গোড়া থেকে নাকি থমকে যেতে চলেছে এই মেগার কাজ! কিন্তু বিষয়টা কি সত্যি? খোঁজ নিল আজকাল ডট ইন।
এই তো সবে শুরু হয়েছে 'দুলারী', মাত্র সপ্তাহখানেক হয়েছে ধারাবাহিকের পথচলা শুরু হয়েছে। এর মধ্যেই শুটিং বন্ধ হচ্ছে? ধারাবাহিকের পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারকে ফোন করতেই তিনি বলেন, "না না, এমন কোনও খবর আমাদের কাছে নেই। জানি না, এই খবর কী রটল।" প্রায় একই সুর শোনা যায় পর্দার 'দুলারী' অর্থাৎ দেবপ্রিয়া বসুর কণ্ঠে। তিনিও জানিয়ে দিলেন তাঁর কাছেও এমন কোনও খবর নেই।
তবে সূত্রের খবর, 'যা রটে তার কিছু তো বটে।' ছোট একটা সমস্যা হয়েছিল ঠিকই, কিন্তু সেটা মিটে গিয়েছে। এবং এই ধারাবাহিকের ঘনিষ্ঠ সূত্রের তরফে দাবি করা হয় সিরিয়ালের শুটিং বন্ধের খবর অহেতুক ছড়ানো হয়েছে। তাঁর কথায়, "নিজেরাই দেখে নেবেন সোমবার থেকে শুটিং হচ্ছে কিনা। যে সমস্যা হয়েছিল সেটা মিটে গিয়েছে। এমন একটা খবর ছড়ানোয় আমরা নিজেরাই অবাক হয়ে গিয়েছি।"
প্রসঙ্গত, 'দুলারী' ধারাবাহিকটি মাত্র সপ্তাহখানেক হল শুরু হয়েছে। এই ধারাবাহিকে নাম ভূমিকায় রয়েছেন দেবপ্রিয়া বসু। তাঁর বিপরীতে রয়েছেন নীল ভট্টাচার্য। 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের পর তিনি এই ধারাবাহিকের হাত ধরে পুনরায় ছোটপর্দায় ফিরলেন। অন্যদিকে দেবপ্রিয়াকে এতদিন দর্শকরা মূলত পার্শ্ব চরিত্রে দেখেছেন। এই প্রথমবার তিনি নায়িকার ভূমিকায়। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অনসূয়া মজুমদার, পায়েল রায়, প্রমুখ। জি বাংলার পর্দায় এই ধারাবাহিক প্রতিদিন বিকেল ৫ টা থেকে দেখা যায়।