• মাদ্রাসা নির্মাণের নামে বিদেশি অর্থ আনয়ন, হাসনাবাদে TMC নেতার বাড়ি তল্লাশি উত্তরপ্রদেশ ATS-এর
    আজ তক | ১৭ জুলাই ২০২৬
  • মাদ্রাসা নির্মাণের নামে বিদেশ থেকে অর্থ আনার অভিযোগ। উত্তর ২৪ পরগনা জেলার হাসনাবাদের তৃণমূল নেতা আবদুল্লা গাজির বাড়িতে তল্লাশি চালাল উত্তরপ্রদেশ ATS। পশ্চিমবঙ্গ পুলিশের এক পুলিশ আধিকারিক জানান, মাদ্রাসার জন্য বিদেশ থেকে টাকা এসেছে সেই নেতার কাছে। তারই তদন্ত শুরু হয়েছে। 

    হাসনাবাদের রামেশ্বরপুরে বাড়ি আবদুল্লা গাজির। তাঁর বাড়িতে তল্লাশি চালানোর পাশাপাশি জিজ্ঞাসাবাদও করে ATS। পুলিশের ওই আধিকারিক জানান,পশ্চিমবঙ্গের আরও কয়েকটি জায়গায়, যার মধ্যে হাড়োয়াও রয়েছে, একই ধরনের তল্লাশি চালানো হচ্ছে। তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর আধিকারিকেরাও সহযোগিতা করছেন। গাজির বাড়িতে তল্লাশি চালানো হয় কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা বলয়ের মধ্যে।

    ওই পুলিশ আধিকারিক জানান, রামেশ্বরপুরে একটি মাদ্রাসা নির্মাণের জন্য বিদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ তৃণমূল নেতার সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। এমন অভিযোগের ভিত্তিতেই ATS এই পদক্ষেপ করা হয়। সেই অর্থের উৎস, আর্থিক লেনদেন এবং সংশ্লিষ্ট নথিপত্র খতিয়ে দেখছে।

    PTI-কে তিনি বলেন, 'তাঁরা অর্থের গতিপথ, অর্থের উৎস এবং কী উদ্দেশ্যে সেই অর্থ গ্রহণ করা হয়েছিল, তা যাচাই করছেন। তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। সংগ্রহ করা প্রমাণের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।'

    একই ধরনের একটি মামলায় দুই বছর আগে উত্তরপ্রদেশ ATS আবদুল্লা গাজিকে গ্রেফতার করেছিল। সেই মামলার তদন্ত এখনও চলছে। সূত্রের দাবি, সেই তদন্ত চলাকালীন নতুন কিছু তথ্য সামনে এসেছে, যা এখন খতিয়ে দেখা হচ্ছে।

    অভিযোগে বলা হয়েছে, বিদেশি অনুদানের নামে কোটি কোটি টাকা সংগ্রহ করা হয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, সেই অর্থ ঘোষিত উদ্দেশ্যেই ব্যবহার করা হয়েছিল কি না। এখনও পর্যন্ত এই তল্লাশি অভিযান নিয়ে ATS-এর পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। তল্লাশি চলাকালীন স্থানীয় পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
  • Link to this news (আজ তক)