উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপের জেরে রথের দিন কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টি এখনই থামবে না। ১৯ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়। পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ১২ ঘণ্টার মধ্যে আরও শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। তার জেরে বৃষ্টি বাড়বে। এর প্রভাবে আগামী ১৯ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তর দিকে অগ্রসর হওয়ায় ১৯ ও ২০ জুলাই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
কোথায় কেমন বর্ষণ? আবহাওয়া দফতরের পূর্বাভাস, ১৭ তারিখ বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। আবার ঝোড়ো হাওয়া বইতে পারে ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। গতিবেগ হতে পারে ঘণ্টায় ৫০ কিলোমিটার। অন্য সব দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৪০ কিমি বেগে হাওয়া প্রবাহিত হওয়ার সম্ভাবনা।
শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও নিম্নচাপের প্রভাবে দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও স্বল্প সময়ে প্রবল বর্ষণের ফলে জল জমা এবং স্থানীয় বন্যা পরিস্থিতির আশঙ্কাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। জেলেদের শনিবার সকাল পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দিয়েছে।
উত্তরঙ্গের ক্ষেত্রে দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কার কথাও জানানো হয়েছে। একইসঙ্গে ১৯ ও ২০ জুলাই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।