• স্কুলের মধ্যেই রথযাত্রা, কোথায় হল? জানলে চমকে যাবেন
    আজকাল | ১৭ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: রথযাত্রা মানেই মন্দির প্রাঙ্গণ, রাস্তাজুড়ে ভক্তদের ঢল আর মেলায় উপচে পড়া ভিড়। কিন্তু সেই একই উৎসবের আবহ যদি তৈরি হয় একটি স্কুলের অন্দরে?

    এমনই এক অভিনব ও প্রশংসনীয় উদ্যোগের সাক্ষী থাকল পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের দশগ্রাম সর্বার্থসাধক শিক্ষা সদন হাইস্কুল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক যুগল প্রধানের উদ্যোগে প্রতিবছরের মতো এ বছরও সাড়ম্বরে পালিত হল শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব।

    বৃহস্পতিবার সকাল থেকেই উৎসবের আমেজে সেজে ওঠে গোটা বিদ্যালয় চত্বর। সুসজ্জিত রথে শ্রীজগন্নাথ দেবের পূজার পর শুরু হয় রথ টানার অনুষ্ঠান। শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকেরা একসঙ্গে অংশ নিয়ে উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলেন।

    তবে এই আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল স্কুল প্রাঙ্গণেই বসা রথের মেলা। এক দিনের জন্য বিদ্যালয় যেন পরিণত হয়েছিল ছোট্ট এক উৎসব প্রাঙ্গণে। সারিবদ্ধভাবে সাজানো ছিল ফুচকা, ঘুগনি, পাপড়ি চাট, লস্যি, মোগলাই-সহ নানা ধরনের মুখরোচক খাবারের স্টল, পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের ভেষজ গাছের দোকান।

    উৎসবের আনন্দের সঙ্গে খাবারের স্বাদ উপভোগ করে দারুণ সময় কাটায় পড়ুয়ারা। অভিভাবকদের উপস্থিতিও উৎসবের আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, শুধুমাত্র পাঠ্যবইয়ের শিক্ষাই নয়, ছাত্র-ছাত্রীদের মধ্যে বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির মূল্যবোধ গড়ে তোলাও শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ।

    সেই লক্ষ্যেই প্রতিবছর এই ধরনের সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যবাহী অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনভর উৎসবের রঙ, হাসি, উচ্ছ্বাস এবং মিলনমেলার আবহে মুখর হয়ে ওঠে বিদ্যালয় চত্বর। ব্যতিক্রমী এই উদ্যোগে উচ্ছ্বসিত পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকেরা। স্থানীয় বাসিন্দারাও বিদ্যালয়ের এই অভিনব প্রয়াসের ভূয়সী প্রশংসা করেছেন।
  • Link to this news (আজকাল)