রুশ তেল কিনলে ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক! নয়া বিল মার্কিন কংগ্রেসে
বর্তমান | ১৬ জুলাই ২০২৬
ওয়াশিংটন: রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার জন্য ভারত, চীন সহ পাঁচটি দেশের উপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে চলেছে আমেরিকা। সম্প্রতি ‘রাশিয়া নিষেধাজ্ঞা বিল’ নতুন বিল আনার ঘোষণা করেছেন মার্কিন সেনেটরদের একাংশ। সেখানে ওই শুল্ক চাপানোর প্রস্তাব দেওয়া হয়েছে। আগামী মাসেই বিলটি পাস হতে পারে বলে সূত্রের খবর। এর আগে রাশিয়া থেকে তেল কেনার ‘শাস্তি’ হিসাবে ভারত সহ দেশগুলির উপর ৫০০ শতাংশ শুল্ক চাপাতে গত বছর এই বিলটি যৌথভাবে পেশ করেছিলেন রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম ও ডেমোক্র্যাট সেনেটর রিচার্ড ব্লুমেনথাল। কয়েকদিন আগেই মারা গিয়েছেন গ্রাহাম। ওই বিলে বলা হয়েছিল, আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে তেল আমদানি এবং বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রাখলে সংশ্লিষ্ট দেশগুলির পণ্যের উপর ৫০০ শতাংশ শুল্ক বসানো হবে। এতদিনেও অবশ্য সেই বিল নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। যদিও মৃত্যুর আগে গ্রাহাম জানিয়েছিলেন, বিলটি নিয়ে ট্রাম্পের সঙ্গে তাঁর সমঝোতা হয়ে গিয়েছে। তাঁর মৃত্যুর কয়েকদিনের মধ্যে ওই বিলকেই সংশোধিতভাবে মার্কিন কংগ্রেসে অনুমোদনের উদ্যোগ নেওয়া হল। এই বিল পাস হলে সংশ্লিষ্ট দেশগুলির উপর ১০০ শতাংশ শুল্ক চাপানোর ছাড়পত্র পাবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রশাসন সূত্রে খবর, জ্বালানি তেলের জন্য রাশিয়ার উপর নির্ভরতা কমানোর জন্য ভারত ও চীনের উপর চাপ তৈরির করতেই এই বিল আনা হচ্ছে। সেইসঙ্গে তালিকায় রয়েছে স্লোভাকিয়া, হাঙ্গেরি ও আজারবাইজান। সংশ্লিষ্ট সেনেটররা মনে করছেন, এই নিষেধাজ্ঞার ফলে মস্কোর উপর অর্থনৈতিক চাপ বাড়বে। এর ফলে ইউক্রেনে গত চার বছর ধরে চলা রুশ আক্রমণ বন্ধ হবে। আপাতত ২৬ জন সেনেটর এই বিলকে সমর্থন করেছেন। কিন্তু শুল্কের হার ৫০০ শতাংশ থেকে একধাক্কায় কমানো হল কেন? নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনেটর বলেছেন, ‘ট্রাম্পের সঙ্গে সমঝোতায় পৌঁছাতেই মূল বিলের বিষয় কিছুটা নমনীয় করা হয়েছে। এটিই একমাত্র খসড়া, যে বিষয়ে সকলের সম্মতি রয়েছে। এটা আমরা যেভাবে চাই, সেভাবে রাশিয়ার উপর চাপ তৈরি করবে।’ অন্যদিকে ট্রাম্পের ইঙ্গিত, এই বিলে রাশিয়ার সঙ্গে ইরান ও হিজবুল্লাকেও যুক্ত করতে চান তিনি। এই বিল পাশ হলে তা প্রয়াত সেনেটর গ্রাহামের প্রতি শ্রদ্ধা নিবেদন হবে বলেও দাবি ট্রাম্পের।