• মেসিদের তাতাতে দিয়েগোর স্মৃতি উসকে দিলেন জুনিয়র মারাদোনা
    আজকাল | ১৫ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: দিয়েগো মারাদোনা ও ইংল্যান্ড। ফুটবল ইতিহাসের অন্যতম চর্চিত এক লড়াই।

    ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ‘হ্যান্ড অব গড’ এবং ‘গোল অফ দ্য সেঞ্চুরি', এই দুই মুহূর্তই চিরস্থায়ী করে দিয়েছে সেই লড়াইকে।

    প্রায় চার দশক পর আবারও বড় মঞ্চে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। আর সেই ম্যাচকে ঘিরে বাবার স্মৃতি ও বিশ্বাসের কথা তুলে ধরলেন জুনিয়র মারাদোনা।

    স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে মারাদোনা জুনিয়র বলেন, তাঁর বাবা কখনওই ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচকে সাধারণ কোনও ফুটবল লড়াই হিসেবে দেখতেন না। তিনি বলছেন, “আমার বাবা এটাকে কোনও সাধারণ ম্যাচ হিসেবে দেখতেন না। আমরা অনেক কিছুই বলতে পারি, তবে এটি কোনও সাধারণ ম্যাচ হবে না।''

    জুনিয়র মারাদোনার মতে, আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াই শুধু ফুটবলের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস, আবেগ এবং অনেক স্মৃতি। তিনি বলেন, “সব আর্জেন্টাইন এবং মারাদোনা-ভক্তদের জন্য এটি একটি বিশেষ মুহূর্ত। এই ম্যাচ ফকল্যান্ড যুদ্ধ এবং সেখানে আমাদের যে সব ভাই মারা গিয়েছেন, তাঁদের কথা মনে করিয়ে দেয়। পাশাপাশি ১৯৮৬ সালে আমার বাবার সঙ্গে যা ঘটেছিল, তা-ও মনে করিয়ে দেয়। আমার বাবা সেবার একটি ঐতিহাসিক ম্যাচ জিতেছিলেন। এর পর থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে কোনও ম্যাচই আর স্বাভাবিক থাকেনি।”

    আজকের আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচও সাধারণ কোনও ম্যাচ নয়। ঘুরে ফিরে আসছে ছিয়াশির সেই ম্যাচ। উঠে আসছে মারাদোনার সেই গোল। লিও মেসি প্রথমবার ইংল্যান্ডের বিরুদ্ধে মুখোমুখি হতে চলেছেন। সেই ম্যাচের আগে জুনিয়র মারাদোনা বলছেন, ''এই ম্যাচ আমাদের দলের জন্য কঠিন হতে চলেছে। এটা ঠিক যে ইংল্যান্ড ভাল খেলছে। তবে সাবধান, তাদের কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হতে হবে। এটি বেশ কঠিন হতে চলেছে দুই দলের জন্যই।”

    ইংল্যান্ডের বিরুদ্ধে মারাদোনার সেই বিশ্বাস, সেই অদম্য আত্মবিশ্বাস আর লড়াইয়ের বার্তা আজও আর্জেন্টিনার ফুটবলের অংশ হয়ে রয়েছে। এখন দেখার অপেক্ষা, মারাদোনার সেই বাণী, সেই বিশ্বাস কি আজ লিওনেল মেসিরা মাঠে বহন করতে পারবেন?
  • Link to this news (আজকাল)