• সাইকেলে ঘুরে মদ বিক্রি, গ্রেপ্তার ফ্লাইং এজেন্ট, হোটেল থেকেও উদ্ধার ৩৭ বোতল মদ
    বর্তমান | ১৬ জুলাই ২০২৬
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: অভিনব কৌশলে গ্রামে গ্রামে ঘুরে অবৈধভাবে মদ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ময়নাগুড়ি থানার পুলিশ। অভিযুক্তের নাম মানিক চন্দ। ময়নাগুড়ি ব্লকের বাগজান এলাকার বাসিন্দা সে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি নিজের বিরুদ্ধে সমস্ত অভিযোগ স্বীকার করেছেন।

    প্রাথমিক তদন্তে জানা গেয়েছে, মানিক চন্দ সাইকেলের দুই পাশে দুটি ব্যাগ ঝুলিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতেন। একটি ব্যাগে থাকত দেশি মদের বোতল, অন্য ব্যাগে থাকত জল ও গ্লাস। ক্রেতারা চাইলে রাস্তাতেই গ্লাসে মদ বিক্রি করার অভিযোগ তাঁর বিরুদ্ধে। এক গ্লাস মদের দাম নেওয়া হতো ২৫ টাকা। আর কেউ বোতল কিনতে চাইলে নির্ধারিত দামের সঙ্গে অতিরিক্ত ৫০ টাকা নিত মানিক। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে ময়নাগুড়ি থানার পুলিশ।

    অন্যদিকে, একই রাতে ময়নাগুড়ির দক্ষিণ ভূষ্কারডাঙ্গা এলাকার একটি খাবার হোটেলেও অভিযান চালায় পুলিশ। সেখান থেকে দেশি ও বিদেশি মিলিয়ে মোট ৩৭ বোতল মদ উদ্ধার করা হয়। ঘটনায় হোটেলের মালিক সন্তোষ রায়কে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। 

    পুলিশের এক আধিকারিক জানান, ধৃত দুই অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। অবৈধ মদ বিক্রি ও মজুতের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। 

     
  • Link to this news (বর্তমান)