• করুণাময়ী থেকে দিল্লি ও বেঙ্গালুরু-সহ চার শহরে নতুন আন্তঃরাজ্য বাস পরিষেবা
    দৈনিক স্টেটসম্যান | ১৬ জুলাই ২০২৬
  • রাজ্য থেকে দূরপাল্লার সড়ক যোগাযোগ আরও জোরদার করতে করুণাময়ী আন্তঃরাজ্য বাস টার্মিনাস থেকে নতুন আন্তঃরাজ্য বাস পরিষেবা চালু করল শ্যামলী পরিবহণ প্রাইভেট লিমিটেড। মঙ্গলবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সেই সঙ্গে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন মন্ত্রী অর্জুন সিং।

    দপ্তরের তরফে জানানো হয়েছে, প্রথম পর্যায়ে কলকাতা থেকে চারটি গুরুত্বপূর্ণ শহরে এই বাস পরিষেবা চালু করা হচ্ছে। সেগুলি হল দিল্লি, বেঙ্গালুরু, পুরী এবং চেন্নাই। যাত্রীদের নিরাপদ, আরামদায়ক এবং উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি সংস্থার।

    অনুষ্ঠানে শমীক ভট্টাচার্য বলেন, ‘রাজ্যে গণপরিবহণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পাশাপাশি বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করাই সরকারের অন্যতম লক্ষ্য।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বিকশিত ভারত, বিকশিত বাংলা’-র ভাবনার সঙ্গে সঙ্গতি রেখে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ক্ষেত্রেও পরিকাঠামো উন্নয়ন ও শিল্পবান্ধব পরিবেশ গড়ে তোলার কাজ চলছে বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়।

    অর্জুন সিং-এর দাবি, এই ধরনের উদ্যোগের ফলে একদিকে যেমন আন্তঃরাজ্য যাতায়াত আরও সহজ হবে।  অন্যদিকে, বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে। ভবিষ্যতে যাত্রীদের চাহিদা অনুযায়ী আরও নতুন রুটে পরিষেবা সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে বলে জানানো হয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)