• নবান্নে ফ্লিপকার্ট কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর
    আজকাল | ১৬ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে শিল্প আসবে, বেকার যুবদের কর্মসংস্থান হবে। নির্বাচনের আগেই এই প্রতিশ্রুতি দিয়েছিল পদ্ম শিবির। এবার সেই প্রতিশ্রুতি পূরণের পালা। বুধবার নবান্নে ফ্লিপকার্ট কর্তাদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে রাজ্যের ই-কমার্স এবং সংশ্লিষ্ট ক্ষেত্রের উন্নয়ন, বিনিয়োগের সম্ভাবনা ও পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

    এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ছিলেন ফ্লিপকার্টের সিইও কল্যাণ কৃষ্ণমূর্তি, চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার রজনীশ কুমার এবং সংস্থার অন্যান্য শীর্ষ আধিকারিকরা। 

    পালাবদলের পর গত একসপ্তাহে বাংলায় শিল্পে বিনিয়োগে জোয়ার দেখা গিয়েছে। রাজ্যে সেমিকন্ডাক্টর কারখানা নির্মাণে আগ্রহ দেখিয়েছে বহুজাতিক সংস্থা মিৎসুবিশি। পাশাপাশি, কারখানার সম্প্রসারণ থেকে নতুন প্রকল্পে লগ্নি করেছে লাক্স ইন্ডাস্ট্রিজও।

    গত বুধবারই রাজ্যে জাপানি সংস্থা মিৎসুবিশির বিনিয়োগে আগ্রহের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেমিকন্ডাক্টর কারখানার জন্য মিৎসুবিশি প্রাথমিকভাবে সমীক্ষার কাজও সেরে ফেলেছে। রাজ্যের তরফে পানাগড় বা ডানকুনিতে এই কারখানা তৈরি করা জন্য প্রস্তাব দেওয়া হয়েছে জাপানি সংস্থাটিকে। নবান্ন সূত্রে খবর, সেমিকন্ডাক্টার ছাড়াও বেশ কয়েকটি ক্ষেত্রে বিনিয়োগের বিষয়ে মুখ্যমন্ত্রী সঙ্গে সংস্থার কর্তাদের বৈঠকে কথা হয়েছে। চলতি মাসেই মিৎসুবিশির শীর্ষকর্তারা রাজ্যে এসে কারখানার জন্য রাজ্য সরকারের প্রাস্তাবিত জায়গা দেখতে পারেন। তারপরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে খবর।

    পাশাপাশি গত শনিবার লাক্স ইন্ডাস্ট্রিজ বাংলায় ৬০০ কোটির লগ্নি করেছে। ডানকুনিতে ১২ লক্ষ বর্গফুট এলাকায় লাক্স কোজির কারখানার সম্প্রসারণের শিলান্যাস হয়েছে। লাক্স কোজির কারখানার দ্বিতীয় ইউনিটের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

    ওই অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়েই পশ্চিমবঙ্গে শিল্পায়নের নতুন দিশা দেখান রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। তিনি বলেছিলেন, "বাংলায় এবার শিল্পের খরা কাটবে। নতুন করে শিল্পের জোয়ার ফিরবে বাংলায়। বহু শিল্পপতিরা বাংলা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। প্রয়োজনে তাদের হাতে পায়ে ধরে অনুরোধ করে বাংলায় ফিরিয়ে আনব। ঘাম-রক্ত এক করে মুখ্যমন্ত্রীর সঙ্গে কাজ করব। পরিযায়ী শ্রমিকরা আর বাইরে যাবেন না।"

     
  • Link to this news (আজকাল)